
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নিউইয়র্কের বিভিন্ন এলাকায় প্রবল বাতাস, উপকূলীয় বন্যা ও ঝড়ের সতর্কতা জারি করেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঘণ্টায় ২৫ থেকে ৩৫ মাইল বেগে বাতাস প্রবাহিত হতে পারে। কোনো কোনো এলাকায় দমকা বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে। এ ছাড়া উপকূলবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভূমির ওপর প্রায় দেড় ফুট পর্যন্ত পানি জমে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।
নিউ জার্সিতেও জরুরি অবস্থা
নিউইয়র্কের পাশাপাশি প্রতিবেশী নিউ জার্সি অঙ্গরাজ্যেও বুধবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর মিকি শেরিল। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল বরাবর এগিয়ে আসা শক্তিশালী ঝড়টি বুধবার ফ্লোরিডা, জর্জিয়া এবং নর্থ ও সাউথ ক্যারোলিনার ওপর দিয়ে অতিক্রম করেছে। পূর্বাভাস অনুযায়ী, থ্যাংকসগিভিং দিবসে ঝড়টি ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্ক অঞ্চলে আঘাত হানতে পারে। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাসের আশঙ্কা রয়েছে।
জেএফকে বিমানবন্দরে ফ্লাইট বিঘ্নিত হওয়ার আশঙ্কা
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, মঙ্গলবার দেশজুড়ে বিমান চলাচলে বিলম্বের ৫০ দশমিক ৫ শতাংশের জন্য দায়ী ছিল প্রতিকূল আবহাওয়া। অন্যদিকে, অতিরিক্ত ফ্লাইট চলাচলের কারণে ২৪ দশমিক ১ শতাংশ বিলম্ব হয়েছে। তিনি জানান, এতো বিপুল সংখ্যক ফ্লাইট পরিচালনার পরও গড় বিলম্বের সময় ছিল প্রায় ৩২ দশমিক ৪ মিনিট। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ডাফি লেখেন, ‘আমি বুঝতে পারছি, পরিবারের সঙ্গে মিলিত হওয়ার জন্য উদ্গ্রীব যাত্রীদের কাছে যেকোনো বিলম্বই বিরক্তিকর। তাঁদের অসুবিধার প্রতি আমার সহানুভূতি রয়েছে। তবে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সব সময় যাত্রীদের নিরাপত্তা।’
পিছিয়ে দেওয়া হলো মেসির থ্যাংকসগিভিং প্যারেড
