যারা থানা জ্বালিয়েছে, হাসপাতাল জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
2 Min Read

Bangladesh Gllobal স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদগোপালগঞ্জের সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, সীমান্তের ওপার থেকে প্রতিনিয়ত অডিও-ভিডিওর মাধ্যমে দেশে আগুন লাগানোর উসকানি দেওয়া হচ্ছে। আজ শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামী ইজতেমায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা থানা জ্বালিয়ে দিয়েছে, হাসপাতাল জ্বালিয়ে দিয়েছে, সংসদ সদস্যদের বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে, দোকানপাট জ্বালিয়ে দিয়েছে; তাদের চিহ্নিত করা হয়েছে। সীমান্তের ওপার থেকে প্রতিনিয়ত অডিও-ভিডিওর মাধ্যমে আগুন লাগিয়ে দিতে বলা হচ্ছে। এখানে লুকিয়ে থাকা তাদের নেতা–কর্মীদের ইন্ধন, উসকানি ও আগুন লাগানোর নির্দেশ দেওয়া হচ্ছে।

শিল্পাঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। কিন্তু এখনো কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তারা কারা, তা চিহ্নিত করা হয়েছে।

বাংলাদেশের মাটিতে আর কখনো পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না বলেও মন্তব্য করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘তারা অগ্নিসন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। তাদের পূর্বের ইতিহাস আমরা জানি। এ দেশে তাদের অগ্নিসন্ত্রাসের চেষ্টা কখনো সফল হতে দেব না।’

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্যান্য ধর্মাবলম্বী, বিভিন্ন জাতিগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ সবাই মিলে বাংলাদেশে বসবাস করছেন। এতে কোনো সমস্যা নেই। সবাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে এ দেশের সমান নাগরিক। সবার নাগরিক অধিকার সমান।

খতমে নবুওয়াত সম্মেলনের দাবি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে হুজুরদের পক্ষ থেকে আগে যেসব দাবি ছিল, এখনো আছে। সেগুলো আইনের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হবে। যেসব দাবি বাস্তবায়ন করা সম্ভব হবে, সবাইকে সঙ্গে নিয়েই তা করা হবে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল হামিদ মধুপুর পীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আবদুল্লাহ। মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দ নুর মহল আশরাফী, পুলিশ সুপার মো. বদরুদ্দোজা এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন