ঢাকার সাভার ও আশুলিয়ায় কাজে যোগ দিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা। আজ শনিবার সকাল থেকে নিজ নিজ পোশাক কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করেছেন তারা। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার ও আশুলিয়ায় সকাল থেকে পোশাক শ্রমিকরা কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করেছেন। এখন পর্যন্ত শিল্পাঞ্চলে শান্তিপূর্ণভাবে কাজ চলছে।
মজুরি আন্দোলনে শ্রমিক অসন্তোষের কারণে ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ১২টি তৈরি পোশাক কারখানা। আর আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে দু’টি কারখানা। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে, সাভারের ব্যাংক টাউন এলাকায় মহাসড়কের পাশে ঢাকাগামী লেনে আজ ভোরে একটি পার্কিং করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় মশাল মিছিল করে গাড়িতে আগুন দেওয়ার চেষ্টার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ব্যানার ও মশাল উদ্ধার করা হয়।
