Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
ট্রেন্ডিংনির্বাচিত পোস্ট

এনার্জি ড্রিংকের বিজ্ঞাপনে উন্মাদনা, চকচকে ক্যানের আড়ালে নীরব বিষ

শিশুদের হার্ট বাঁচাতে কঠোর আইনের প্রত্যাশা — প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে

.
.
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬
শেয়ার
22 Min Read
শেয়ার

এনার্জি ড্রিংকের বিজ্ঞাপন Bangladesh Globalভাবুন তো, আপনার সন্তান স্কুল থেকে ফিরছে। ব্যাগে বইয়ের পাশে একটি রঙিন ক্যান। মুখে হাসি, চোখে উত্তেজনা, হাতে যেন জয়ের পতাকা। আপনি ভাবছেন, সামান্য পানীয়ই তো! আহা, এই সামান্য ভাবনাটাই আজ আমাদের সবচেয়ে বড় সর্বনাশ হয়ে দাঁড়িয়েছে। যে বয়সে তার হৃদপিণ্ডের গড়ে ওঠার কথা ছিল ফুলের মতো কোমলভাবে, যে বয়সে তার চোখে থাকার কথা ছিল স্বপ্ন, বুকে থাকার কথা ছিল সাহস সেই বয়সে — আমরা তার হাতে তুলে দিচ্ছি ক্যাফেইনের বোমা, চিনির বিষ, উত্তেজকের ঝড়। এনার্জি ড্রিংকের বিজ্ঞাপনে উন্মাদনা, চকচকে ক্যানের আড়ালে লুকিয়ে আছে নীরব ঘাতক। বিজ্ঞাপনে মধু, ক্যানে বিষ। একদিকে “উইংস দেবে”, “হার মানবে না”, “ঝড় তুলবে” এমন মাতাল করা স্লোগান, অন্যদিকে সেই ক্যানের ভেতরেই ধীরে ধীরে থেমে যাচ্ছে আমাদের সন্তানের হৃদপিণ্ড। আজ কোটি কোটি মায়ের বুক কাঁপছে। কোটি কোটি বাবার চোখে প্রশ্ন আর কতোদিন? আর কতো শিশুর হৃদপিণ্ড ভাঙলে রাষ্ট্র জাগবে? আজ জাতি তাকিয়ে আছে একজন মানুষের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। যিনি বারবার বলেছেন, তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও উদ্ভাবনের দিকে ফেরাতে হবে, মাদক ও ক্ষতিকর অভ্যাস থেকে রক্ষা করতে হবে। যিনি বলেছেন, ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে। আমরা বিশ্বাস করি, তাঁর হাত ধরেই আসবে সেই কঠোর আইন যে আইন কোটি শিশুর জীবন বাঁচাবে, যে আইন চকচকে ক্যানের উন্মাদনা থামিয়ে দেবে। এটাই আজ জাতির প্রত্যাশা, এটাই কোটি মায়ের আর্তনাদ।

বাংলাদেশ গ্লোবাল পোষ্ট কন্টেন্ট
  • এনার্জি ড্রিংক কী? নামে এনার্জি, কাজে দেউলিয়াত্ব
  • বাজারে কতো প্রকার বিষ ঘুরছে?
  • ভেতরে কী থাকে?
  • কীভাবে তৈরি হয়? কারখানায় বিষ, বিজ্ঞাপনে মধু
  • জার্মানির শিশুরা যা বলছে, আমাদের শিশুরাও তাই করছে
  • নতুন গবেষণা: ২৮ হাজারের বেশি অভিযোগে উদ্বেগজনক চিত্র  
  • হৃদপিণ্ডের ওপর কীভাবে আঘাত করে?
  • কতোটুকু ক্যাফেইন নিরাপদ? শিশুর জন্য উত্তর শূন্য
  • হার্ট ছাড়াও আরও কতো সর্বনাশ?
  • বিশ্ব কী করছে? শিশুকে বাঁচাতে রাষ্ট্রের কঠোর দেয়াল
  • বাংলাদেশের চিত্র বাজার ফুলছে, হৃদপিণ্ড ভাঙছে
  • ধর্মের চোখে শরীর আল্লাহর আমানত, ক্ষতি করার অধিকার কারও নেই
  • তারেক রহমানের নেতৃত্বে জাতীয় জাগরণের প্রত্যাশা 
  • শিক্ষাবিদের দিকনির্দেশনা
  • সতর্কতার লক্ষণ কখন ছুটবেন হাসপাতালে?
  • পরিবার প্রতিরোধ শুরু হোক ঘর থেকেই
  • শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, সমাজ নীরবতা ভাঙুন
  • শিক্ষার্থীদের প্রতি কঠোর, কিন্তু মমতাময় বার্তা
  • সরকারের প্রতি কঠোর দাবি আইন চাই, এখনই

এনার্জি ড্রিংক কী? নামে এনার্জি, কাজে দেউলিয়াত্ব

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞায় এনার্জি ড্রিংক হলো ক্যাফেইন, টাউরিন, ভিটামিন ও অন্যান্য উত্তেজক উপাদান মেশানো অ-অ্যালকোহলযুক্ত পানীয়, যা সতর্কতা বাড়ানোর দাবি করে। সত্য হলো, এটি শক্তি দেয় না, শক্তি ধার করে নেয়। শরীরের জমে থাকা শক্তিকে জোর করে খরচ করিয়ে কিছুক্ষণ চাঙা দেখায়, তারপর শরীরকে আরও ক্লান্ত, আরও ভাঙাচোরা করে ফেলে। যেন মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নেওয়া। সাময়িক স্বস্তি, দীর্ঘমেয়াদি দেউলিয়াত্ব। একটি কিশোরের শরীর এই সুদের বোঝা বইতে পারে না। তাই বিজ্ঞানের ভাষায় বলতে হয়, এটি শক্তির উৎস নয়, ক্লান্তির অনুভূতিকে সাময়িক আড়াল করার একটি রাসায়নিক কৌশল।

বাজারে কতো প্রকার বিষ ঘুরছে?

বাজারে এখন চার ধরনের ফাঁদ। এক, ক্লাসিক কার্বনেটেড এনার্জি ড্রিংক — জাতীয় রঙিন ক্যান। দুই, সুগার-ফ্রি বা জিরো ক্যালরি নামের প্রতারণা; চিনি নেই বললেও ক্যাফেইন ও উত্তেজক ঠিকই আছে, হৃদঝুঁকি একটুও কমে না। তিন, প্রি-ওয়ার্কআউট ও এনার্জি শট; ছোট বোতলে অতি ঘন ক্যাফেইন, জিমে যাওয়া তরুণদের কাছে এখন ফ্যাশন। চার, এনার্জি নামে বিক্রি হওয়া আইস-টি, কফি-মিক্স ও হারবাল দাবির পানীয়। অনেকে স্পোর্টস ড্রিংক ও এনার্জি ড্রিংককে এক ভাবেন। ভুল। স্পোর্টস ড্রিংক কখনো কখনো দীর্ঘ পরিশ্রমে পানি ও ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণের জন্য, আর এনার্জি ড্রিংক মূলত উত্তেজক দিয়ে সতর্কতা বাড়ায়। শিশুর জন্য কোনোটাই নিরাপদ নয়। সবচেয়ে খারাপ হলো যেটায় উচ্চ ক্যাফেইন, উচ্চ চিনি ও একাধিক উত্তেজক একসঙ্গে থাকে।

ভেতরে কী থাকে?

প্রতিটি উপাদান একেকটি ছুরি : একটি ক্যান খুললেই আপনি দেখছেন না, কিন্তু ভেতরে আছে ক্যাফেইন, চিনি বা কৃত্রিম মিষ্টি, টাউরিন, গুয়ারানা, গ্লুকুরোনোল্যাকটোন, ইনোসিটল, বি-ভিটামিন, ফ্লেভার, রং, প্রিজারভেটিভ এবং কোথাও কোথাও সিনেফ্রিন, ইয়েরবা মাতে, থিওব্রোমিন, জিনসেং, ইয়োহিম্বিন, DMAA-জাতীয় শক্তিশালী উত্তেজক। গুয়ারানা নিজেই ক্যাফেইনের আরেকটি উৎস, ফলে লেবেলে লেখা ক্যাফেইনের চেয়ে আসল ক্যাফেইন অনেক বেশি ঢুকে যায়। টাউরিন ও জিনসেং একা হয়তো কম ক্ষতিকর, কিন্তু ক্যাফেইনের সঙ্গে মিলে তারা আগুনে ঘি ঢালে। একটি আধা লিটারের ক্যানে প্রায় ২০টি সুগার কিউবের সমান চিনি ও ১৬০ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন থাকতে পারে। ৫০ কেজি ওজনের এক কিশোরের জন্য সেটাই তার বয়সের নিরাপদ সীমার অনেক বেশি। তাই শুধু বিজ্ঞাপন নয়, উপাদানের তালিকা, প্রতি ১০০ মিলিতে ক্যাফেইনের পরিমাণ ও পুরো ক্যানের মোট ক্যাফেইন জানা জরুরি।

কীভাবে তৈরি হয়? কারখানায় বিষ, বিজ্ঞাপনে মধু

কারখানায় পানি পরিশোধন, উপাদান মিশ্রণ, ক্যাফেইন ও অন্যান্য কার্যকর উপাদানের নির্দিষ্ট মাত্রা সংযোজন, স্বাদ ও রং সমন্বয়, কার্বনেশন, মান নিয়ন্ত্রণ এবং জীবাণুমুক্ত পরিবেশে বোতল বা ক্যানজাত করার মাধ্যমে এনার্জি ড্রিংক তৈরি হয়। আসল খেলাটা কারখানায় নয়, বিপণনে। “উইংস দেবে”, “হার মানবে না”, “ঝড় তুলবে” — এমন স্লোগান, ক্রিকেট, ফুটবল, গেমিং, বাইক স্টান্ট, রিলস ও ইউটিউবারদের দিয়ে তরুণদের মনে গেঁথে দেওয়া হয় — এনার্জি ড্রিংক মানেই সাহস, স্টাইল, পুরুষত্ব, স্মার্টনেস। কোম্পানি জানে, একবার অভ্যাস হলে কিশোরই হবে আজীবন ক্রেতা। তারা সন্তানের স্বাস্থ্য বিক্রি করে মুনাফা কিনছে। এই সত্যটা যতো তাড়াতাড়ি বুঝবেন, ততোই মঙ্গল। পান করার পর ক্যাফেইন মস্তিষ্কে ঘুমের সংকেত বহনকারী অ্যাডেনোসিনকে বাধাগ্রস্ত করে, সাময়িক সতর্কতা বাড়ায়, কিন্তু প্রকৃত ক্লান্তি দূর হয় না।

জার্মানির শিশুরা যা বলছে, আমাদের শিশুরাও তাই করছে

জার্মানিতে ১৩-১৪ বছরের লুকা, হানেস, ইয়ুস্টুসের গল্প আমাদের গল্পেরই প্রতিচ্ছবি। হানেস বলেছিল, অনেকে পানির বোতলে এনার্জি ড্রিংক ভরে নেয়, যাতে কোচ টের না পায়। ইয়ুস্টুস বলেছিল, অনেকে স্কুলের আগে রেডবুল জোগাড় করে, কখনো স্কুলে, কখনো স্কুলের পর খেয়ে নেয়। সুপার মার্কেট, পেট্রোল পাম্প, পাড়ার ছোট স্টলে বিশাল সম্ভার, অনেক চিনি, টাউরিন ও বিশাল মাত্রায় ক্যাফেইন এমনকি শিশুরাও বিনা বাধায় কিনতে পারে। শিশু হৃদরোগ বিশেষজ্ঞ মার্টিন হুল্পকে-ভেটে বলেছেন, কয়েকটি ক্ষেত্রে রোগীরা বলে তাদের খুব দ্রুত হৃদস্পন্দন হচ্ছে, যা তাদের অস্থির করে তুলছে, কারও রক্তচাপ বাড়ছে, আল্ট্রাসাউন্ডে কার্ডিয়াক পেশী প্রাচীর পুরু হতে দেখা যাচ্ছে, যা খুবই উদ্বেগজনক। জার্মান ভোক্তা সুরক্ষা কর্মী ইরিস লাকুয়া বলেন, ক্যানের ওপর সতর্কবার্তা খুঁজতে হয়, স্পষ্ট দেখা গেলে ভালো হতো। আমাদের দেশেও একই চিত্র, শুধু আমরা এখনো চোখ বন্ধ করে আছি।

নতুন গবেষণা: ২৮ হাজারের বেশি অভিযোগে উদ্বেগজনক চিত্র  

গত ২ নভেম্বর আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি গবেষণার ফল প্রকাশ করে। ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত FDA-র নিরাপত্তা তথ্যভান্ডারে জমা পড়া ২৮ হাজার ৩৪৫টি সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার প্রতিবেদন বিশ্লেষণ করা হয়। এর মধ্যে ৮৫৪টি ছিল ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিংক ও উদ্দীপক সম্পূরক নিয়ে, বাকি ২৭ হাজার ৪৯১টি ছিল উদ্দীপকবিহীন পণ্য। ফলাফল ভয়াবহ উত্তেজকযুক্ত পণ্যের ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্টের প্রতিবেদন প্রায় ১১ গুণ বেশি, হার্ট অ্যাটাক প্রায় সাড়ে ৪ গুণ বেশি, ভেন্ট্রিকুলার অ্যারিদমিয়া ও বুক ধড়ফড় প্রায় ৪ গুণ বেশি, হৃদস্পন্দন বেড়ে যাওয়া প্রায় ৩ গুণ, বুকে ব্যথা ২.৭১ গুণ, অজ্ঞান হওয়া প্রায় দ্বিগুণ। হৃদযন্ত্র-সংক্রান্ত এসব প্রতিবেদনের প্রায় ৪৫ শতাংশই ছিল ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের। গবেষকরা নিজেরাই বলেছেন, এটি স্বেচ্ছায় জমা দেওয়া অভিযোগের বিশ্লেষণ, এটি সরাসরি কার্যকারণ প্রমাণ করে না, এটি প্রাথমিক এবং পূর্ণাঙ্গ পিয়ার-রিভিউয়ের অপেক্ষায়। তবুও তরুণদের হৃদস্বাস্থ্য নিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত।

হৃদপিণ্ডের ওপর কীভাবে আঘাত করে?

ক্যাফেইন সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে, হৃদস্পন্দন ও রক্তচাপ বাড়ায়। একাধিক উত্তেজক মিলে হৃদপিণ্ডের বৈদ্যুতিক কার্যক্রমে বিঘ্ন ঘটায়। ফলে অনিয়মিত হৃদস্পন্দন, বুকে ব্যথা, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, এমনকি কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। মনে রাখতে হবে, হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্ট এক নয়। হার্ট অ্যাটাকে হৃদপেশিতে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়, কার্ডিয়াক অ্যারেস্টে হৃদযন্ত্র কার্যকরভাবে রক্ত পাম্প করা বন্ধ করে দেয়। এনার্জি ড্রিংক সরাসরি সব ক্ষেত্রে এসব ঘটায় এমন সিদ্ধান্ত দেওয়া যাবে না, কিন্তু অতিরিক্ত উদ্দীপক গ্রহণে হৃদযন্ত্রের ছন্দের বিপজ্জনক পরিবর্তনের সম্ভাবনাকে অবহেলা করারও সুযোগ নেই। কার্ডিওলজিস্ট ডা. দিমিত্রি ইয়ারানোভ, যিনি সোশ্যাল মিডিয়ায় ‘হার্ট ট্রান্সপ্লান্ট ডাক’ নামে পরিচিত, বলেছেন, উচ্চমাত্রার ক্যাফেইন হার্টকে ওভার ড্রাইভে চালায়, রক্তচাপ বাড়ায়, দীর্ঘমেয়াদে হার্টের পেশি দুর্বল করে। অনেক তরুণের ধূমপানের ইতিহাস নেই, পারিবারিক হার্টের সমস্যা নেই, তবু ২৪ ঘণ্টায় ৩-৪টি ক্যানই যথেষ্ট হচ্ছে হৃদপিণ্ডকে ভেঙে দিতে।

কতোটুকু ক্যাফেইন নিরাপদ? শিশুর জন্য উত্তর শূন্য

অধিকাংশ সুস্থ প্রাপ্তবয়স্কের জন্য দিনে সর্বোচ্চ ৪০০ মিলিগ্রাম ক্যাফেইন সাধারণত নিরাপদ বলে বিবেচিত, যা প্রায় ৪-৫ কাপ সাধারণ কফির সমান। কিন্তু একটি এনার্জি ড্রিংকের ক্যানেই থাকে ৮০ থেকে ৩০০ মিলিগ্রাম, কোনোটায় ৫০০ মিলিগ্রামের বেশি। কিছু এনার্জি ড্রিংকে প্রতি আউন্সে সাধারণ কফির তুলনায় তিন গুণ পর্যন্ত বেশি ক্যাফেইন থাকে, প্রি-ওয়ার্কআউট সাপ্লিমেন্টে আরও বেশি। ইউরোপীয় খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের মূল্যায়নে সুস্থ শিশু ও কিশোরদের ক্ষেত্রে দৈনিক প্রতি কেজি শরীরের ওজনের জন্য ৩ মিলিগ্রাম ক্যাফেইনকে নিরাপত্তা-উদ্বেগ না থাকার একটি বৈজ্ঞানিক মাত্রা হিসেবে উল্লেখ করা হয়েছে, কিন্তু এটি শিশুদের ক্যাফেইন খাওয়ার উৎসাহ বা এনার্জি ড্রিংক গ্রহণের অনুমতি নয়। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস শিশু-কিশোরদের খাদ্য তালিকায় এনার্জি ড্রিংকের কোনো স্থান নেই বলে মত দিয়েছে। শিশু-কিশোরদের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ নীতি হলো এনার্জি ড্রিংক পরিহার করা। প্রাপ্তবয়স্কদের সীমাকে শিশুদের জন্য নিরাপদ মনে করা মারাত্মক ভুল।

হার্ট ছাড়াও আরও কতো সর্বনাশ?

ক্ষতি শুধু হার্টে থেমে থাকে না। অতিরিক্ত ক্যাফেইন ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করে, ফলে শিক্ষার্থীদের স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও মানসিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়। উদ্বেগ, অস্থিরতা, হাত কাঁপা, মাথাব্যথা, বমি ভাব, হজমের সমস্যা, ক্যাফেইন নির্ভরতা তৈরি হতে পারে। ঘুমের ঘাটতি দীর্ঘদিন চললে শিক্ষাজীবন ও আচরণে নেতিবাচক প্রভাব পড়ে। চিনিযুক্ত পানীয় নিয়মিত গ্রহণে অতিরিক্ত ক্যালরি, দাঁতের ক্ষয়, স্থূলতা, ইনসুলিন প্রতিরোধ ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। অতিরিক্ত ক্যাফেইন ও পানীয় গ্রহণের ধরন অনুযায়ী পানিশূন্যতা, বিশেষত তীব্র ব্যায়াম বা গরম আবহাওয়া আরও উদ্বেগের কারণ। কিছু ক্ষেত্রে ক্যাফেইন প্রত্যাহারের সময় মাথাব্যথা, বিরক্তি ও ক্লান্তি দেখা যায়। ক্লিভল্যান্ড ক্লিনিকের ব্যাখ্যা অনুযায়ী, RCVS-এর মতো মস্তিষ্কের রক্তনালি হঠাৎ সংকুচিত হয়ে যাওয়ার সিনড্রোমের সঙ্গেও সংযোগের কথা বলা হয়েছে। যে পানীয়কে অনেকে পড়াশোনা বা খেলাধুলার সহায়ক মনে করেন, সেটিই উল্টো শিক্ষার্থীকে ঘুমহীন, অস্থির ও অসুস্থ করে তুলতে পারে।

বিশ্ব কী করছে? শিশুকে বাঁচাতে রাষ্ট্রের কঠোর দেয়াল

বিশ্ব এখন আর শুধু পরামর্শে থেমে নেই। লিথুয়ানিয়া ২০১৪ সালে এবং লাটভিয়া ২০১৬ সালে ১৮ বছরের কম বয়সীদের কাছে বিক্রি নিষিদ্ধ করে। পোল্যান্ড ২০২৪ সালের জানুয়ারি থেকে অপ্রাপ্তবয়স্কদের কাছে বিক্রি, শিক্ষা প্রতিষ্ঠানে বিক্রি ও ভেন্ডিং মেশিনে সরবরাহ নিষিদ্ধ করেছে, রোমানিয়াও ২০২৪ সালে ১৮ বছরের কম বয়সীদের কাছে বিক্রি নিষিদ্ধ করে। হাঙ্গেরি ও বুলগেরিয়া ২০২৫ সালে অপ্রাপ্তবয়স্কদের জন্য বিধিনিষেধ কার্যকর করে। ইংল্যান্ড আগামী ২০২৭ সালের এপ্রিল থেকে ১৬ বছরের নিচে ১৫০ মিলিগ্রাম/লিটারের বেশি ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধ করছে, জরিমানা ২,৫০০ পাউন্ড পর্যন্ত। স্পেন গত ফেব্রুয়ারিতে ১৬ বছরের কম বয়সীদের কাছে বিক্রি নিষিদ্ধের পরিকল্পনা জানায়, গ্যালিসিয়ায় তা ইতিমধ্যে কার্যকর। নরওয়েতে গত ১ জানুয়ারি থেকে ১৬ বছরের কম বয়সীদের কাছে বিক্রি নিষিদ্ধ হয়েছে। ক্রোয়েশিয়া গত ১ জুন থেকে ১৮ বছরের নিচে বিক্রি নিষিদ্ধ করেছে। ইউরোপীয় পার্লামেন্টের ২০২৫ সালের গবেষণা-সংক্ষিপ্ত প্রতিবেদন এসব নীতির তুলনামূলক চিত্র তুলে ধরেছে।

বাংলাদেশের চিত্র বাজার ফুলছে, হৃদপিণ্ড ভাঙছে

বাংলাদেশে এনার্জি ড্রিংকের বাজার দ্রুত বাড়ছে। এক হিসেবে ২০২৫ সালে বাজার ছিল ১৩৮.৫৪ মিলিয়ন ডলার, এ বছরে ১৪৮.৪২ মিলিয়ন ডলার, ২০৩১ সাল নাগাদ ২১৯.৭০ মিলিয়ন ডলার ছাড়াবে বলে পূর্বাভাস। কিন্তু জাতীয় পর্যায়ের প্রতিনিধিত্বশীল পরিসংখ্যান সহজলভ্য নয়। তাই অনুমান নির্ভর সংখ্যা প্রকাশ দায়িত্বশীলতা নয়। তবে সীমিত গবেষণাও সতর্কবার্তা দেয়। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩২৩ শিক্ষার্থীর ওপর ২০১৯ সালে পরিচালিত ও ২০২০ সালে প্রকাশিত গবেষণায় দেখা যায়, ৬৯ শতাংশ জীবনের কোনো না কোনো সময়ে এনার্জি ড্রিংক গ্রহণ করেছেন, যারা কখনো পান করেছিলেন তাদের মধ্যে মাত্র ৩১.৪ শতাংশ উপাদান সম্পর্কে জানতেন এবং ১৪.৩ শতাংশ নেতিবাচক প্রভাব সম্পর্কে অবগত ছিলেন না। এটি জাতীয় জরিপ নয়, কিন্তু বার্তা স্পষ্ট পণ্য গ্রহণের প্রবণতা থাকলেও জ্ঞানের ঘাটতি রয়েছে। ঢাকায় পরীক্ষায় আটটি ব্র্যান্ডে ক্যাফেইন ২৩৩ থেকে ৫৪৬ মিলিগ্রাম/লিটার পর্যন্ত পাওয়া গেছে। সরকারি ল্যাবের হিসাবে Speed-এ ২৯১, Tiger-এ ৩১৪, Power-এ ৩৬১ মিলিগ্রাম/লিটার ক্যাফেইন পাওয়া গেছে। BSTI-র BDS 2043:2025 মানদণ্ডে উপাদানের মাত্রা, লেবেলিং ও সনদের বিষয় এসেছে, ২৭ জানুয়ারির প্রজ্ঞাপনে মান না মানলে বিক্রি ও বিজ্ঞাপন নিষিদ্ধের বিধানও এসেছে।

ধর্মের চোখে শরীর আল্লাহর আমানত, ক্ষতি করার অধিকার কারও নেই

ইসলাম মানুষের জীবন ও সুস্থতাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। এনার্জি ড্রিংকে ক্যাফেইন থাকলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে হারাম হয়ে যায়, এমন সিদ্ধান্ত সঠিক নয়; উপাদান, নেশা সৃষ্টির ক্ষমতা, ক্ষতির মাত্রা ও শরিয়াহ অবস্থান বিবেচনা করতে হবে। তবে কোনো পানীয় অতিরিক্ত গ্রহণে নিজের শরীরের ক্ষতি, আসক্তি, অর্থের অপচয় কিংবা চিকিৎসকের নিষেধ অমান্য করার কারণ হলে তা পরিহার করা ইসলামের জীবনরক্ষার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। হালাল উপাদান থাকলেই কোনো পণ্য সবার জন্য স্বাস্থ্যকর হয় না। তাই মসজিদের খুতবা, ইসলামী আলোচনা, মাদ্রাসার পাঠদান ও পারিবারিক শিক্ষায় বিষয়টি তুলে ধরা জরুরি। সুস্থ শরীর, সুস্থ মন ও সুস্থ বিবেক সবই আল্লাহর দেওয়া আমানত।

তারেক রহমানের নেতৃত্বে জাতীয় জাগরণের প্রত্যাশা 

দেশের শিশু-কিশোর ও তরুণদের সুস্বাস্থ্য কোনো একক মন্ত্রণালয়ের কাজ নয়, এটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি মানবসম্পদ উন্নয়ন। এই মুহূর্তে জাতির প্রত্যাশা প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। তিনি বারবার বলেছেন, তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও উদ্ভাবনের দিকে ফেরাতে হবে, মাদক ও ক্ষতিকর অভ্যাস থেকে রক্ষা করতে হবে, ‘নতুন কুঁড়ি’র মতো কর্মসূচির মাধ্যমে তরুণ প্রতিভাকে কাজে লাগাতে হবে এবং প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে আগামী ১০ বছরে সুস্থ তরুণ প্রজন্ম গড়তে হবে। তিনি ডেঙ্গু প্রতিরোধে স্কাউট, বিএনসিসি ও শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযানে নামার আহ্বান জানিয়েছেন, বলেছেন ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে। এই দর্শনের আলোকে আমরা প্রত্যাশা করি, তাঁর নেতৃত্বে একটি সমন্বিত কর্মপরিকল্পনা আসবে — ১৮ বছরের কম বয়সীদের কাছে বিক্রি নিষিদ্ধ, শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট দূরত্বের মধ্যে বিক্রি নিয়ন্ত্রণ, শিশুদের লক্ষ্য করে বিজ্ঞাপন ও তারকা নির্ভর প্রচারণা বন্ধ, ক্যানের গায়ে স্পষ্ট বাংলা সতর্কবার্তা ও মোট ক্যাফেইন উল্লেখ, অনলাইন বিক্রিতে বয়স যাচাই, জাতীয় জরিপ, হৃদরোগ বিশেষজ্ঞদের পরামর্শ, শিক্ষাক্রমে খাদ্য নিরাপত্তা শিক্ষা, স্কুল ভিত্তিক স্বাস্থ্য পরীক্ষা এবং দেশের প্রতিটি মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি। রাষ্ট্রের এই বিনিয়োগ ভবিষ্যৎ বাংলাদেশের সক্ষমতা বাড়াবে। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিয়ে কোটি কোটি শিশু-কিশোর, তরুণ-তরুণীর জীবন রক্ষা করবেন।

শিক্ষাবিদের দিকনির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, মার্কেটিং বিভাগের সিনিয়র অধ্যাপক, দেশবরেণ্য শিক্ষাবিদ ও গবেষক ড. মো. মোর্শেদ হাসান খান দীর্ঘদিন ভোক্তা আচরণ ও বিপণন নৈতিকতা নিয়ে কাজ করছেন। তাঁর কাছে আমাদের বিশেষ প্রত্যাশা, তিনি শিশু-কিশোর, তরুণ-তরুণী ও অভিভাবকদের উদ্দেশে দায়িত্বশীল ভোগ, বিজ্ঞাপনের মনস্তাত্ত্বিক প্রভাব এবং স্বাস্থ্যকে পণ্যের প্রচারণার ঊর্ধ্বে রাখার বিষয়ে দিকনির্দেশনা দেবেন। কোম্পানিগুলো পণ্য বিক্রি করে না, বিক্রি করে অনুভূতি। তারা তরুণের ভয়, ক্লান্তি, পিছিয়ে পড়ার উদ্বেগকে পুঁজি করে। একজন সচেতন ভোক্তা হিসেবে শিক্ষার্থী ও অভিভাবকদের উচিত তিনটি প্রশ্ন করা: এই পণ্যটি আমার আসলে দরকার কি না, এর ঝুঁকি কী, এর বিকল্প কী? শিক্ষা প্রতিষ্ঠানে ‘ভোক্তা সাক্ষরতা’ শেখাতে হবে বিজ্ঞাপন দেখে নয়, লেবেল পড়ে, বিজ্ঞান জেনে সিদ্ধান্ত নিতে হবে। মার্কেটিংয়ের ভাষায় কোম্পানি চায় আপনি আবেগ দিয়ে কিনুন, বিবেক দিয়ে নয়। আমরা চাই, আপনি বিবেক দিয়ে না কিনুন।

সতর্কতার লক্ষণ কখন ছুটবেন হাসপাতালে?

অতিরিক্ত ক্যাফেইন ও উদ্দীপক গ্রহণের পর বুক ধড়ফড় করা, বুকে ব্যথা বা অস্বস্তি, মাথা হালকা লাগা বা ঝিমঝিম করা, হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যাওয়া, শ্বাসকষ্ট, বমি ভাব, হাত কাঁপা, অতিরিক্ত ঘাম, অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটলে এক মুহূর্ত দেরি নয়। বুকে ব্যথার সঙ্গে শ্বাসকষ্ট কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটলে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে। বিশেষ করে যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ, হৃদরোগ, অনিয়মিত হৃদস্পন্দন কিংবা পরিবারে হৃদরোগের ইতিহাস আছে, তাদের জন্য ঝুঁকি বেশি। অতিরিক্ত শরীর চর্চার সময় কিংবা মদ্যপানের সঙ্গে এনার্জি ড্রিংক গ্রহণ বাড়তি ঝুঁকি তৈরি করে। তাই পণ্যের মোড়কে থাকা উপাদানের তালিকা ভালোভাবে পড়ুন, গুয়ারানা ও সিনেফ্রিনের মতো অতিরিক্ত উদ্দীপক আছে কি না খেয়াল রাখুন, দিনে কতোটুকু ক্যাফেইন নিচ্ছেন হিসাব রাখুন।

পরিবার প্রতিরোধ শুরু হোক ঘর থেকেই

শিশুর হাতে টাকা তুলে দিয়ে সে কী কিনছে তা না জানা, পরীক্ষার চাপ সামলাতে এনার্জি ড্রিংক কিনে দেওয়া, খেলাধুলার আগে এসব পানীয়কে শক্তিবর্ধক মনে করা কিংবা সন্তানের সামনে নিয়মিত এসব পান করা অভিভাবকদের এমন অসচেতন আচরণ বন্ধ করতে হবে। বাবা-মাকে সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে বোঝাতে হবে, ক্লান্তি দূর করার প্রকৃত উপায় হলো পর্যাপ্ত ঘুম, সুষম খাবার, বিশুদ্ধ পানি ও নিয়মিত শরীরচর্চা। সন্তানকে জিজ্ঞেস করুন কেন খাচ্ছে? ক্লান্তি? বন্ধুর চাপ? পরীক্ষার ভয়? ঘুমের অভাব? কারণ খুঁজে সমাধান দিন, শুধু নিষেধ করবেন না। বাড়িতে বিকল্প হিসেবে রাখুন: পানি, ডাবের পানি, লেবু-পানি, দুধ, কলা, বাদাম, ডিম। মনে রাখবেন, আপনি নিজে দিনে তিন ক্যান খেলে সন্তানকে নিষেধ করার নৈতিক অধিকার থাকে না।

শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, সমাজ নীরবতা ভাঙুন

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে এনার্জি ড্রিংক বিক্রি বন্ধ বা নিয়ন্ত্রণ, সচেতনতামূলক পোস্টার, স্বাস্থ্য শিক্ষা ক্লাস, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, অভিভাবক সভা এবং শিক্ষার্থীদের জন্য চিকিৎসকের পরামর্শমূলক সেশন চালু করা প্রয়োজন। শিক্ষকদের শুধু নিষেধ করলেই চলবে না, কেন ক্ষতিকর তা বৈজ্ঞানিক তথ্য দিয়ে বোঝাতে হবে। মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষক, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কাউট, বিএনসিসি, রোভার, ক্রীড়া সংগঠন, সাংস্কৃতিক সংগঠন — সবাইকে যুক্ত করতে হবে। জনপ্রিয় অভিনেতা, ক্রীড়াবিদ, ইউটিউবার ও ইনফ্লুয়েন্সারদেরও দায়িত্বশীল প্রচারণায় যুক্ত করতে হবে। দোকানদার ভাইদের প্রতি অনুরোধ, শিশুর হাতে ক্যান তুলে দিয়ে কয়েক টাকা লাভ করবেন না, একটি জীবন ঝুঁকিতে ফেলবেন না। আপনার একটি ভিডিও হাজারো শিশুর জীবন বাঁচাতে পারে।

শিক্ষার্থীদের প্রতি কঠোর, কিন্তু মমতাময় বার্তা

প্রিয় শিক্ষার্থী, তোমাকে কঠোরভাবে বলছি বন্ধু খাচ্ছে বলে তুমি খাবে না। পরীক্ষার আগের রাতে এনার্জি ড্রিংক তোমাকে জাগিয়ে রাখতে পারে, কিন্তু মনে রাখার ক্ষমতা কমিয়ে দেয়। জিমের আগে এনার্জি ড্রিংক শক্তি দেয় না, হৃদপিণ্ডের ওপর চাপ বাড়ায়। তুমি ভাবছো, এক ক্যানে কী হবে? এক ক্যানই হতে পারে তোমার জীবনের শেষ ক্যান, যদি তোমার অজানা হৃদরোগ থাকে। যদি কখনো খেয়ে বুক ধড়ফড়, বুকে ব্যথা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট বা অজ্ঞান ভাব লাগে, সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে শিক্ষক বা অভিভাবককে জানাও, প্রয়োজনে জরুরি চিকিৎসা নাও। বিকল্প বেছে নাও পর্যাপ্ত পানি, ডাবের পানি, লেবু-পানি, দুধ, কলা, বাদাম, ডিম, সবুজ শাকসবজি। দিনে ৭-৮ ঘণ্টা ঘুম, নিয়মিত খেলাধুলা, মোবাইল থেকে বিরতি এগুলোই আসল এনার্জি ড্রিংক। নিজে বাঁচো, বন্ধুকেও বাঁচাও।

সরকারের প্রতি কঠোর দাবি আইন চাই, এখনই

সরকারের কাছে আমাদের দাবি স্পষ্ট ও কঠোর। এক, ১৮ বছরের নিচে এনার্জি ড্রিংক বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। দুই, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও কোচিং সেন্টারের ২০০ মিটারের মধ্যে বিক্রি বন্ধ করতে হবে। তিন, শিশু-কিশোরদের দিয়ে বিজ্ঞাপন, তারকা নির্ভর প্রচারণা নিষিদ্ধ করতে হবে, বিজ্ঞাপনে স্বাস্থ্য সতর্কবার্তা বাধ্যতামূলক করতে হবে। চার, লেবেলে বড় অক্ষরে বাংলায় লিখতে হবে “শিশু, কিশোর, গর্ভবতী নারী ও হৃদরোগীদের জন্য নয়। উচ্চ ক্যাফেইনযুক্ত।” পাঁচ, বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দিয়ে নিয়মিত ক্যাফেইন পরীক্ষা করতে হবে, অতিরিক্ত ক্যাফেইনযুক্ত পণ্য বাজেয়াপ্ত করতে হবে। ছয়, দেশের সকল মসজিদের ইমাম, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের মাধ্যমে জাতীয় সচেতনতা কর্মসূচি চালাতে হবে। সাত, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, তথ্য, ধর্ম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত টাস্কফোর্স গঠন করতে হবে। আইন না হলে সচেতনতা টিকবে না, সচেতনতা না হলে আইন মানবে না দুটোই একসঙ্গে চাই।

পরিশেষে, হে বাংলাদেশ, হে অভিভাবক, হে শিক্ষক, হে তরুণ আজ এই লেখা পড়ে যদি একটি ক্যানও কম কেনা হয়, তবে এই লেখা সার্থক। যদি একটি শিশুও বেঁচে যায়, তবে এই কলম সার্থক। মনে রাখুন, এনার্জি ড্রিংক পানি নয়, এর জনপ্রিয়তা এটিকে নিরাপদ প্রমাণ করে না। চকচকে ক্যানের ভেতরে লুকিয়ে আছে নীরব বিষ, যা ধীরে ধীরে খাচ্ছে আমাদের সন্তানের হৃদপিণ্ড। আসুন, আজ থেকেই প্রতিজ্ঞা করি আমাদের সন্তানের হৃদপিণ্ডের চেয়ে কোনো ক্যান বড় নয়। আমাদের সন্তানের ভবিষ্যতের চেয়ে কোনো কোম্পানির মুনাফা বড় নয়। ঘরে ঘরে পানি হোক এনার্জি ড্রিংক, খেলাধুলা হোক নেশা, ঘুম হোক শক্তি, বই হোক উত্তেজনা। কোনো শিশুর হাতে বিপজ্জনক অভ্যাস তুলে দিয়ে তাকে আধুনিক বানানো যায় না, কোনো তরুণের হৃদযন্ত্রকে ঝুঁকিতে ফেলে তাকে কর্মক্ষম করা যায় না। রঙিন ক্যানের মোহ নয়, সুস্থ জীবনের আকাঙ্ক্ষাই হোক নতুন প্রজন্মের পরিচয়। এখনই সতর্ক না হলে আগামী দিনে এর মূল্য দিতে হবে পরিবারকে, সমাজকে এবং রাষ্ট্রকে। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর ও সময়োপযোগী পদক্ষেপে একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে যেখানে প্রতিটি শিশুর বুকে একটি সুস্থ হৃদপিণ্ড ধড়ফড় করবে দেশের জন্য, বিষের জন্য নয়।

Bangladesh Global জুবাইয়া বিন্তে কবিরলেখক: জুবাইয়া বিন্তে কবির, অর্থনীতিবিদ, গবেষক, সাংবাদিক ও কলামিস্ট

ট্যাগএনার্জি ড্রিংকএনার্জি ড্রিংকের বিজ্ঞাপনকতোটুকু ক্যাফেইন নিরাপদ?কাজে দেউলিয়াত্বচকচকে ক্যানের আড়ালে নীরব বিষধর্মের চোখে শরীর আল্লাহর আমানতনামে এনার্জি
উৎসজুবাইয়া বিন্তে কবিরঅর্থনীতিবিদ, গবেষক, সাংবাদিক ও কলামিস্ট
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

Bangladesh Global রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের নবম ও শেষ চালান
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের নবম ও শেষ চালান
মফস্বল লিড নিউজ
Bangladesh Global সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ
সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ
ভিডিও মফস্বল লিড নিউজ
Bangladesh Global ওয়ারীতে আবাসিক হোটেলে ম্যানেজারকে কুপিয়ে হত্যা
ওয়ারীতে আবাসিক হোটেলে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২
অপরাধ নগর ফোকাস
Bangladesh Global ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে ৫ হাজার দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথন
ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে ৫ হাজার দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথন
খেলা নগর নির্বাচিত পোস্ট ভিডিও
Bangladesh Global সিদ্ধার্থের সঙ্গে বাগদানের ছবি প্রকাশ করলেন মিমি
সিদ্ধার্থের সঙ্গে বাগদানের ছবি প্রকাশ করলেন মিমি
ট্রেন্ডিং ফোকাস বিনোদন
Bangladesh Global অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
অভিবাসন আন্তর্জাতিক লিড নিউজ
Bangladesh Global বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিই’র হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী
বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিই’র হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী
অভিবাসন আন্তর্জাতিক ট্রেন্ডিং
Bangladesh Global মালয়েশিয়ায় পৌঁছেছেন ১১২ বাংলাদেশি কর্মী
শ্রমবাজারে নতুন সূচনা
অভিবাসন প্রবাস লিড নিউজ
লাহোর চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক Bangladesh Global
লাহোর চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক
কূটনীতি বাণিজ্য ভিডিও সংসদ

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Bangladesh Global

হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

নভেম্বর ২৭, ২০২৬
২০৩৫ সালে কেন বিশ্বের বৃহত্তম গোষ্ঠী হবে মুসলমান? Bangladesh Global

২০৩৫ সালে কেন বিশ্বের বৃহত্তম গোষ্ঠী হবে মুসলমান?

নভেম্বর ২৭, ২০২৬
মিয়ানমারের সেনা সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

আইসিজের গণহত্যা সংক্রান্ত নির্দেশ পুরোপুরি মানবে না মিয়ানমার

নভেম্বর ২৬, ২০২৬
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা

থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা

নভেম্বর ২৬, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?