আগামী ১৫ বছরে একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক ঢাকা গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ফুটপাত নিয়ন্ত্রণ, হকার পুনর্বাসন এবং চারটি জোনে অটোরিকশা নিবন্ধন চালুর উদ্যোগের কথাও জানান তিনি।শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টায় রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কের আইসিসিবি গেট এলাকায় ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ স্লোগানে তিন ধাপের এই ম্যারাথনে দেশি-বিদেশি প্রায় ৫ হাজার নারী-পুরুষ ও শিশু-কিশোর অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে প্রশাসক মিল্টন বলেন, “ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ দিনে ১৫টি কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ১৫ বছরে পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক ঢাকা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।” এ লক্ষ্যে নগরবাসীকে উন্নত নাগরিক সুবিধা দেওয়া, তরুণদের খেলাধুলার জন্য মাঠ সংরক্ষণ, পরিচ্ছন্নতাকর্মীদের সম্মান জানাতে ‘সিটি হিরো অ্যাওয়ার্ড’ চালু এবং জন্মনিবন্ধন ও ট্রেড লাইসেন্স সংক্রান্ত আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।এছাড়া আগামী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যে ৮২ হাজার গাছ লাগানো হয়েছে এবং এসব কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অনুমোদন ও সহযোগিতা পাওয়া গেছে।
ভোরের আলো ফোটার আগেই ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন, ১০ কিলোমিটার দৌড় এবং শিশুদের ১.৫ কিলোমিটার ফান রানে মুখরিত হয়ে ওঠে পূর্বাচল এলাকা। সকাল সাড়ে ৯টায় প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের ফিনিশার মেডেল এবং বিজয়ীদের মধ্যে মোট ৯ লাখ ৩৫ হাজার টাকা প্রাইজমানি বিতরণ করা হয়।আয়োজন প্রসঙ্গে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, “ডিএনসিসির ১৫ বছর পূর্তি উদ্যাপনের শুরুতেই এমন বর্ণাঢ্য আন্তর্জাতিক হাফ ম্যারাথনে দেশি-বিদেশি প্রায় পাঁচ হাজার দৌড়বিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার বার্তা নগরবাসীর মাঝে ছড়িয়ে দিতে এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও মাদকমুক্ত জীবনধারায় উদ্বুদ্ধ করতেই আমাদের এই বিশেষ উদ্যোগ।”
তিনি আরও বলেন, “ঢাকা শহরকে বসবাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। ডিএনসিসির ১৫ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতেই এ আয়োজন এবং প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় নেওয়া কর্মসূচিগুলো সফল হবে। গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা ও প্রচারণার ফলে আয়োজনটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। ডিএনসিসির ১৫ দিনব্যাপী বর্ষপূর্তির পরবর্তী কর্মসূচিগুলোতেও আমরা নগরবাসী ও গণমাধ্যমের একইরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করি।”
