আশরাফুল কবির আসিফ, মালয়েশিয়া থেকে: প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আসুন আমরা সকলে মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি, যাতে সকলে মিলে ভালো থাকতে পারি।’ রোববার রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের শাংগ্রি লা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ প্রবাসীদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমাদের কী দাবি আছে সেটা থেকে বেরিয়ে এসে আসুন আমরা চিন্তা করি, আমাদের কী কর্তব্য আছে দেশের প্রতি।’

তারেক রহমান বলেন, ‘ আপনাদের প্রতি দেশবাসীর পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে. আসুন আজ থেকে আমরা চিন্তা করি, আমরা কি করতে পারি দেশের জন্য। এটাই হোক আমাদের আজকের চিন্তা, আপনাদের কাছে এই আশা রাখছি। ‘

গত দেড় দশকে দেশে ফ্যাসিবাদী শাসনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘ এ দেশ থেকে কেউ একজন, একটা গোষ্ঠী নিতে নিতে দেশটিকে একদম শেষ করে দিয়েছে। দেশটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আমরা চেষ্টা করছি, বুকের রক্ত দিয়েছে মানুষ, দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। এখন সবাই মিলে দেশটাকে গড়ে তুলি।

রাত সাড়ে নয়টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শাংগ্রি লা হোটেলে পৌঁছার পর মালয়েশিয়া প্রবাসীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সাথে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

দেশ গঠনে নিজের চিন্তা ও পরিকল্পনা প্রবাসীদের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিএনপির নির্বাচনী অঙ্গীকার বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচি নিয়েও কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, ‘আমি আমার চিন্তার কথাগুলো আপনাদের বলেছি। দোয়া করবেন যাতে এগুলোর বাস্তবায়ন আমরা করতে পারি।’
প্রধানমন্ত্রী নিজের পরিকল্পনা একে একে তুলে ধরেন। উপস্থিত প্রবাসীরা মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন এবং তাঁর চিন্তাভাবনার প্রতি সমর্থন জানান। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের সামনে একটা অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তবে এখানে একটা বিরাট ‘তবে’ আছে। তবে হচ্ছে যে, আমাদের এর জন্য পরিশ্রম করতে হবে, আমাদের এর জন্য কষ্ট করতে হবে এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে, আমাদের এর জন্য ধৈর্য ধারণ করতে হবে।’
