ভ্রমণের সুযোগ পেলেই দেশের এক জেলা থেকে অন্য জেলায় ছুটে যান অনেকেই। কিন্তু এখন পর্যন্ত কতটি জেলা ঘোরা হয়েছে, আর কোন কোন জেলা এখনও বাকি, তার হিসাব রাখার সহজ উপায় রয়েছে। অনলাইনেই তৈরি করা যাবে নিজের ঘুরে দেখা জেলার তালিকা দিয়ে বাংলাদেশের ব্যক্তিগত ভ্রমণ ম্যাপ।
ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিনের তৈরি এই ম্যাপটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। অনেকেই নিজেদের তৈরি করা ভ্রমণ ম্যাপের ছবি ফেসবুক টাইমলাইনে প্রকাশ করছেন। এতে এক নজরেই দেখা যাচ্ছে, কোন কোন জেলা ঘোরা হয়েছে এবং কোনগুলো এখনও বাকি।
যেভাবে তৈরি করবেন ভ্রমণ ম্যাপ
ভ্রমণ ম্যাপ তৈরি করতে প্রথমে unseenbangladesh.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে বাংলাদেশের আট বিভাগের ৬৪ জেলার নামসহ একটি মানচিত্র পাওয়া যাবে।
যেসব জেলায় ইতোমধ্যে ঘুরেছেন, সেগুলো নির্বাচন করতে হবে। তালিকা থেকে জেলার নাম ক্লিক করে নির্বাচন করা যাবে। চাইলে সরাসরি মানচিত্রে থাকা জেলার ওপর ক্লিক করেও তা বেছে নেওয়া সম্ভব।
কোনো নির্দিষ্ট জেলা খুঁজে নিতে চাইলে জেলার নাম লিখে সার্চ করার সুবিধাও রয়েছে।
যতগুলো জেলা নির্বাচন করবেন, ম্যাপে তার মোট সংখ্যাও দেখানো হবে। যেমন, ৬৪ জেলার মধ্যে ১০টি জেলা ঘুরে থাকলে সেখানে দেখাবে ১০/৬৪। একসঙ্গে সব জেলা নির্বাচন করতে রয়েছে ‘সব বাছাই করুন’ অপশন। আর নতুন করে হিসাব শুরু করতে চাইলে ব্যবহার করা যাবে ‘সব মুছুন’ অপশন।
এভাবেই কয়েকটি ক্লিকের মাধ্যমে তৈরি করে নেওয়া যাবে নিজের বাংলাদেশের ভ্রমণচিত্র।
পছন্দমতো থিম ও ছবি যোগ
ভ্রমণ ম্যাপে পাঁচ ধরনের থিম রয়েছে। পছন্দ অনুযায়ী যেকোনো একটি থিম নির্বাচন করে ম্যাপটি নিজের পছন্দের রঙ ও নকশায় সাজানো যাবে।
চাইলে ম্যাপের সঙ্গে ছবিও যুক্ত করা যাবে। পাশাপাশি নিজের নাম লেখার সুবিধাও রয়েছে। নাম যোগ করা বাধ্যতামূলক নয়। নাম লিখলে সেটি ম্যাপের ওপর দেখা যাবে। আর নাম না দিলে সেখানে ‘আমার বাংলাদেশ’ লেখা থাকবে।
যেভাবে ম্যাপ ডাউনলোড করবেন
নিজের পছন্দ অনুযায়ী ম্যাপটি সাজানো হয়ে গেলে পেজের নিচে থাকা ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ম্যাপটি PNG, JPG কিংবা PDF ফরম্যাটে সংরক্ষণ করা যাবে।
এভাবে ঘুরে দেখা জেলার স্মৃতি এক জায়গায় সংরক্ষণ করার পাশাপাশি নিজের ভ্রমণের হিসাবও সহজেই রাখা যাবে।

