বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেছেন, দুর্গাপূজার সবচেয়ে বিশেষ দিক হলো, এই উৎসব বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে। শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষ নন, অন্য ধর্মের অনুসারীরাও এতে অংশ নেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ঢাকার ধামরাইয়ে দুর্গাপূজার মণ্ডপ ও ঐতিহ্যবাহী ধাতব কারুশিল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সারাহ কুক।
তিনি বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য দুর্গাপূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। ধামরাইয়ে এসে সরাসরি এই উৎসব দেখতে পেরে তারা আনন্দিত।
বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করে ব্রিটিশ হাইকমিশনার বলেন, এই উৎসব বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে এক সুতোয় বেঁধে দেয়। শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষই নন, অন্য ধর্মের অনুসারীরাও স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। নিজ নিজ ধর্মীয় উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের এমন যৌথ অংশগ্রহণ ও মেলবন্ধন বাংলাদেশের একটি অনন্য ও প্রশংসনীয় দিক।
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি ধামরাইয়ের ঐতিহ্যবাহী ধাতব কারুশিল্পের কর্মশালাও ঘুরে দেখেন সারাহ কুক।
ধামরাইয়ের ধাতব কারুশিল্পকে বাংলাদেশের লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন তিনি। এই শিল্পের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের প্রশংসা করে ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ধামরাইয়ের কারুশিল্পের প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে সারাহ কুক বলেন, তারা এর আগেও বেশ কয়েকবার সেখানে গেছেন এবং ধাতব শিল্পসামগ্রী কিনেছেন। সেসব শিল্পসামগ্রীর কিছু বর্তমানে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে রয়েছে।

