দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগে রাঙামাটির সাজেক পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠন দুটি।
বুধবার (২১ অক্টোবর) সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, বাঘাইহাট ও মাচলংবাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধ এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিষয়টি বিবেচনায় নিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল।
এর আগে গত ১১ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। ওই দিন বিকেলে স্থানীয় প্রশাসন এলাকায় অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়া এবং সাজেকবাসীর তিন দফা দাবি পূরণের আশ্বাস দেয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ স্থগিত করা হলেও দাবি পূরণ না হওয়ায় ১৫ অক্টোবর আবারও অবরোধ পালন করা হয় বলে দাবি করেছে সংগঠন দুটি।
যৌথ বিবৃতিতে বলা হয়, এলাকার জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষা এবং সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাস ও উৎপাত বন্ধের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এলাকা থেকে সশস্ত্র গোষ্ঠীকে সরিয়ে না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানানো হয়েছে।
এদিকে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের বুধবারের মধ্যে এলাকা ত্যাগ করার অনুরোধ জানিয়েছে সংগঠন দুটি।
তবে অবরোধের আওতামুক্ত থাকবে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র বহনকারী যান এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি।
অন্যদিকে, এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর টহল জোরদার থাকবে বলে জানিয়েছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।

