প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে কপ-৩১ সামনে রেখে আয়োজিত জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর দেশটি সফর করবেন। এ সফর বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এদিকে, তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশের অবস্থান তুলে ধরতে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান শামা ওবায়েদ।
তিনি বলেন, সীমিত বাজেট নিয়েও বাংলাদেশ জলবায়ু অভিযোজনের কাজ চালিয়ে যাচ্ছে। কপ-৩১-এ জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের সম্ভাবনাও তুলে ধরতে চায় বাংলাদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি অভিযোজন ও প্রশমনে সমান গুরুত্ব দিতে হবে। উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এ সহায়তা মূলত অনুদান হিসেবে আসা উচিত, যাতে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা না বাড়ে। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি তহবিলও প্রয়োজন।
শামা ওবায়েদ আরও বলেন, বৈশ্বিক আলোচনায় বাংলাদেশের স্বার্থ তুলে ধরতে ঐক্যবদ্ধ অবস্থান জরুরি, যাতে আলোচনার টেবিল থেকে দেশের জন্য কার্যকর অর্জন নিশ্চিত করা যায়।
তিনি জানান, এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় আন্তমন্ত্রণালয় ফোকাল টিম গঠন করেছে। পাশাপাশি পরিবেশ নিয়ে কাজ করা তরুণদেরও এ প্রক্রিয়ায় যুক্ত করার সুযোগ রয়েছে।

