শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

জাহাঙ্গীর আলম
2 Min Read

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক মুসলিম আহাম্মদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ওমর হায়দার শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসানুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

অভিযুক্ত মুসলিম আহাম্মদ (৩০) টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে গ্রেপ্তার শিক্ষককে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। গত ২২ অক্টোবর গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্তে শনিবার আউচপাড়ার ওই মাদ্রাসা পরিদর্শন করে সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার সময় উপস্থিত ব্যক্তিদের বক্তব্যও নেওয়া হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের ভাষ্য, তদন্তের প্রাথমিক পর্যায়ে শিশুটিকে যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে ঘটনার তদন্ত এখনো চলমান।

পুলিশ ও শিশুটির পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ১৯ অক্টোবর মাদ্রাসার নিচতলার সিঁড়িতে শিশুটিকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ ওঠে। ওই দিন বাড়ি ফেরার পর শিশুটিকে ভীত ও মনমরা দেখায়। পরে সে মা-বাবাকে ঘটনার কথা জানায়।

শিশুটির মা মালিহা আক্তারের অভিযোগ, মেয়ের কাছ থেকে ঘটনা জানার পর তিনি মাদ্রাসার এক শিক্ষিকাকে বিষয়টি জানান। পরে মাদ্রাসার ভাইস প্রিন্সিপালকেও অভিযোগের কথা জানান তিনি।

মালিহার দাবি, ঘটনার পরদিনও অভিযুক্ত শিক্ষক ক্লাস নেন এবং শিশুটির কাছে বাসার ঠিকানা জানতে চান। পরে ওই শিক্ষক তাঁদের বাসায়ও যান বলে অভিযোগ করেন তিনি।

গত ২২ অক্টোবর এক সংবাদ সম্মেলনে শিশুটির বাবা শাহজালাল রুমি বলেন, মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চাইতেই তিনি মাদ্রাসায় গিয়েছিলেন, মব সৃষ্টি করতে নয়। মাদ্রাসায় ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগও তিনি অস্বীকার করেন। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এদিকে, অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ ও মারধরের ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলো ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

সংবাদটি শেয়ার করুন