বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তিন দিন পর উত্তরখান থানায় হত্যা মামলা করেছেন তার বাবা।
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় অবশেষে হত্যা মামলা করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
ঘটনার পর মামলা করতে অনীহার কথা জানালেও ছেলের মৃত্যুর তিন দিন পর শুক্রবার রাতে উত্তরখান থানায় হত্যা অভিযোগে মামলাটি করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম। তিনি বলেন, তাহসিফকে হত্যার অভিযোগ এনে তার বাবা একটি মামলা করেছেন। এতে অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
মামলাটির তদন্ত করবে তাহসিফের মরদেহ উদ্ধারকারী নৌ-পুলিশ।
এদিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া তাহসিফের বন্ধু স্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে শুক্রবার (৩০ অক্টোবর) মধ্যরাতে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
নৌ-পুলিশের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

