ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে টিভি বা মোবাইল স্ক্রিনে দেখতে দেখতে খাওয়া একরকম অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই বদভ্যাসের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের। চিকিৎসকদের মতে, স্ক্রিনের দিকে মনোযোগ দিয়ে খাবার খাওয়ার সময় আমাদের মস্তিষ্ক খাবারের প্রতি এবং পেট ভরার সংকেতের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ফলে ক্ষিদে না থাকলেও প্রয়োজনের অতিরিক্ত খাবার খাওয়া হয়ে যায়, যা স্থূলতা বা ওজন বৃদ্ধির একটি অন্যতম প্রধান কারণ।

পাশাপাশি দীর্ঘক্ষণ অলসভাবে বসে খেয়ে যাওয়ার এই অভ্যাস পরিপাকতন্ত্রের প্রাকৃতিক ছন্দকে ব্যাহত করে। এর প্রভাবে পরিপাক নালীর মাংসপেশীর গতি বা ‘পেরিস্টালসিস’ ধীরগতির হয়ে যায়। ফলস্বরূপ, খাবার সঠিকভাবে হজম হতে সমস্যা তৈরি হয় এবং অ্যাসিডিটি, বদহজম ও গ্যাসট্রিকের মতো শারীরিক জটিলতা দেখা দেয়। এছাড়া মস্তিষ্ক ও পেটের সমন্বয়ের অভাবে পেট ভরা বা তৃপ্তির অনুভূতি তৈরি হতে দেরি হয়, যা সরাসরি মেটাবলিজমের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
এই স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা পেতে চিকিৎসকরা ‘মাইন্ডফুল ইটিং’ বা সচেতনভাবে খাওয়ার পরামর্শ দিচ্ছেন। অর্থাৎ, খাওয়ার সময় সমস্ত স্ক্রিন বা ডিজিটাল বিভ্রান্তি দূর করে খাবারের স্বাদ, গন্ধের দিকে পুরোপুরি মনোযোগ দেওয়া উচিত। এতে খাবার ভালভাবে চিবানো হয়, হজমশক্তি উন্নত হয় ও শরীর সুস্থ থাকে। বাচ্চাদের ক্ষেত্রেও যেমন খাবার খাওয়ার সময় টিভি বা ফোন দেখতে বারণ করেন বিশেষজ্ঞরা, ঠিক তেমনই বড়দের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য।

