গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও মহাসড়কের দিকে আসতে থাকেন।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন।
তিনি জানান, রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আপাতত ৫ প্লাটুন সদস্য মোতায়েনের কথা রয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী বিজিবি মোতায়েন থাকবে।
শিল্প পুলিশ সুপার আরও জানান, গাজীপুরের কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি।


