স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শ্রমিক আন্দোলনের নামে ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাকশিল্পের মালিকদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তায় আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। যারা শ্রমিক আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে কিংবা আইনের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড চালাবে, তাদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কঠোর হস্তে দমন করা হবে।
তিনি আরও বলেন, কিছু পতিত শক্তির দোসর দেশে রয়েছে। গত কয়েক দিনে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে, তাদের মধ্যে কোনো শ্রমিক ছিলেন না। ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার কোনো শিল্পকারখানা বন্ধ করতে চায় না। কারণ, এসব কারখানার সঙ্গে অসংখ্য শ্রমিকের জীবিকা জড়িত।

