পোশাক খাতের চলমান অস্থিরতায় পলাতক রাজনৈতিক দলের সদস্যরা জড়িত বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, পোশাক খাতের অস্থিরতার পেছনে যারা জড়িত, তাদের শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার বিকেলে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় যোগ দেন মৎস্য প্রতিমন্ত্রী। গবেষণার ফলাফল ও অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ গবেষণা পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান। পরে তৈরি পোশাক শিল্পের অস্থিরতা নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সুলতান সালাউদ্দিন টুকু।

