
সিরিজ বাঁচানোর লক্ষ্যে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নামা স্বাগতিকরা শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে। দারুণ দুটি ইনসুইংয়ে ব্রেন্ডন কিং ও কাভেম হজের স্টাম্প ভেঙে দেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
দলীয় ১৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে হাসান মাহমুদের করা দ্বিতীয় ওভারে সেকেন্ড স্লিপে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন জশুয়া ডি সিলভা। তবে বল হাতে নিয়েও সেটি ধরে রাখতে পারেননি সাদমান ইসলাম।
ক্যাচ মিসের পর অবশ্য উইকেট পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। পঞ্চম ওভারে তাসকিন আহমেদের প্রথম বলটি ছিল ফুলার লেন্থের। মিডউইকেটে ফ্লিক করতে চেয়েছিলেন ব্রেন্ডন কিং। কিন্তু ভেতরের দিকে বাঁক নেওয়া বল তার ব্যাট ফাঁকি দিয়ে সরাসরি আঘাত করে স্টাম্পে।
১৮ বলে ৯ রান করে ফেরেন কিং। দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা।
এরপর মাত্র ১ রানের ব্যবধানে দ্বিতীয় উইকেটও তুলে নেয় বাংলাদেশ। পরের ওভারে হাসান মাহমুদের ইনসুইং সামলাতে ব্যর্থ হন কাভেম হজ। অফ স্টাম্পের ওপর দিয়ে যাওয়া একটি বল ছেড়ে দেন তিনি। পরের ডেলিভারিটিও ছেড়ে দেওয়ার চেষ্টা করেন এই ব্যাটার। তবে স্কিড করে ভেতরে ঢুকে যাওয়া বলটি আঘাত করে তার মিডল স্টাম্পে। ১ রানেই সাজঘরে ফেরেন হজ।
এদিকে সিলেট টেস্টে দুই দলই একাদশে দুটি করে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছেন না ওপেনার জনাথন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল। তাদের জায়গায় দলে এসেছেন উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা এবং অভিষেক হয়েছে কেভিন উইকহ্যামের।

