নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে সরকারি বিজ্ঞাপন দাবি ওনাবের, বিবেচনার আশ্বাস তথ্য প্রতিমন্ত্রীর

বাংলাদেশ গ্লোবাল
2 Min Read

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)-এর কার্যনির্বাহী পরিষদের একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাক্ষাৎ করেন। এ সময় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

এতে ওনাব সভাপতি মোস্তফা কামাল মজুমদারের নেতৃত্বে আরো অংশগ্রহণ করেন সংগঠনের সহ-সভাপতি লতিফুল বারী হামিম, সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হুদা রনো, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল কবির আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সজীব, দপ্তর সম্পাদক খোকন কুমার রায়, কার্যনির্বাহী সদস্য শাহীন চৌধুরী, তৌহিদুল ইসলাম মিন্টু, সৈয়দ আরিফুজ্জামান, মহসিন হোসেন ও মাহবুবা ইসলাম কাকলি।

 

সভার শুরুতে পরিচিতি শেষে শুভেচ্ছা বক্তব্যে ওনাব সভাপতি মোস্তফা কামাল মজুমদার তথ্য প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালসমূহ দীর্ঘদিন যাবত বৈষম্যের শিকার এবং সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে না। বিজ্ঞাপন নীতিমালা না থাকায় সরকারি বিজ্ঞাপন হতেও বঞ্চিত। এ ছাড়া প্রতি বছর নির্ধারিত নবায়ন ফি দিয়ে নবায়ন পদ্ধতি বাতিল করে প্রয়োজনে বাৎসরিক অডিট চালু করার প্রস্তাব দেন তিনি।

ওনাব সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হুদা রনো নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বিষয়ে জাতীয় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়নের তাগিদ দেন। তিনি বলেন, রাষ্ট্রের উন্নয়ন সহযোগী হিসেবে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সত্য তথ্য পরিবেশনের মাধ্যমে পেশাদারিত্ব বজায় রাখছে।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী গুজব ও অপপ্রচার রোধে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালসমূহের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানান। সিনিয়র সহ-সভাপতি লতিফুল বারী হামিম অনলাইন নিউজ পোর্টালসমূহের নিবন্ধনের ক্ষেত্রে নামের ছাড়পত্র পদ্ধতি চালুর আহ্বান জানান।

আলোচনায় ওনাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল কবির আসিফ নামসর্বস্ব ও অনিবন্ধিত নিউজ পোর্টালগুলোকে নীতিমালার আওতায় আনার দাবি জানান। আলোচনা শেষে তথ্য প্রতিমন্ত্রী ওনাব নেতাদের উত্থাপিত দাবি-দাওয়া গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে শিগগিরই আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন। তিনি গুজব ও অপপ্রচার রোধ এবং সংবাদ পরিবেশনায় সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রের কল্যাণে সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন