
মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। নিহতদের মধ্যে দুই ট্রেনের কন্ডাক্টরও রয়েছেন।
রোববার (৮ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয়।
মিসরের পরিবহন মন্ত্রণালয়ের পৃথক এক বিবৃতিতে জানানো হয়, কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত জেলায় দুর্ঘটনাটি ঘটে। দুটি ট্রেনের একটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফায়ুম প্রদেশের দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনটির পেছনের অংশের সঙ্গে অপর একটি ট্রেনের সংঘর্ষ হয়। দ্বিতীয় ট্রেনটি দক্ষিণে আসওয়ান প্রদেশের উদ্দেশে যাচ্ছিল।
রোববার গভীর রাতে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় জানায়, দুর্ঘটনার খবর পেয়ে তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কর্মকর্তাদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, একই লাইনে একই দিকে চলতে থাকা কায়রো-আসওয়ানগামী ট্রেনের শেষ বগির সঙ্গে গিজা-ফায়ুমগামী ট্রেনের সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলের কাছাকাছি আল-আইয়াত এলাকার কাফর গিরজা গ্রামের বাসিন্দা আইমান জামাল জানান, সংঘর্ষের পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন।
জামাল বলেন, তিনি প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন। এ ছাড়া স্থির অবস্থায় থাকা একটি ট্রেনের বগিতে কয়েকজন যাত্রী আটকা পড়েছিলেন। উদ্ধারের সময় তাঁদের মৃত অবস্থায় পাওয়া যায়।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মিসরীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
মিসরে ট্রেন দুর্ঘটনা ও লাইনচ্যুত হওয়ার ঘটনা নতুন নয়। দেশটির রেলওয়ে ব্যবস্থায় দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও সরঞ্জামের দুর্বল রক্ষণাবেক্ষণের অভিযোগ রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে রেলব্যবস্থার আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার।
গত সেপ্টেম্বরে একই জেলায় দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে এক চালক ও তাঁর সহকারী আহত হয়েছিলেন।
মিসরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে ২০০২ সালে। ওই সময় কায়রো থেকে দক্ষিণ মিসরগামী একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।
