
তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ তার ন্যায্য হিস্যা নিশ্চিত করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তুরস্কের উদ্দেশে রওনা হয়। বিমানবন্দরে প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশার কথা জানান রিজভী।
তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় জাতিসংঘ আয়োজিত কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিচ্ছেন। এমন সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই সম্মেলনে অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, দেশব্যাপী খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগ বিএনপির নির্বাচনী ইশতেহারেও অগ্রাধিকার পেয়েছিল।
মানবজাতি বর্তমানে বিপন্ন পরিবেশগত পরিস্থিতির মুখোমুখি উল্লেখ করে তিনি বলেন, কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমিয়ে আনতে বিশ্বনেতা ও পরিবেশ বিশেষজ্ঞদের আলোচনার মাধ্যমে কার্যকর সমাধান বেরিয়ে আসবে বলে তিনি আশা করেন।
রিজভী বলেন, পরিবেশদূষণে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই আন্তর্জাতিক তহবিল থেকে ন্যায্য হিস্যা ও অধিকার আদায়ে এই সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।
প্রতিনিধি দলকে বিদায় জানানোর সময় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান অতি সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের মারাত্মক অভিঘাত বহন করতে হচ্ছে এ দেশের মানুষকে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলো ভয়াবহ ঝুঁকির মুখে রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের কারও কাছে দয়া বা করুণা চাওয়ার কিছু নেই, দেশটি ন্যায়বিচার চায়। বৃহৎ দূষণকারী দেশগুলোর কারণে বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, তা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে।

