সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর বিয়ে নিয়ে কয়েক দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। ব্লগার আসাদ নূরের সঙ্গে বিয়ের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে নয়, ভারতের বিশেষ একটি আইনের অধীনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের ছবি প্রকাশ করেন পারশা। তবে ছবিতে স্বামীর মুখ আড়াল করে রাখেন তিনি। এরপর থেকেই তাঁর স্বামী কে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও জল্পনা।
অবশেষে মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে এসে বিয়ের খবর নিশ্চিত করেন আসাদ নূর।
লাইভে আসাদ নূর জানান, কোনো ধর্মীয় বিধান মেনে নয়, আইনি প্রক্রিয়ায় বিয়ে করেছেন তাঁরা। তবে সেটি বাংলাদেশের প্রচলিত কোনো আইনের অধীনে নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, ভারতের ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর অধীনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুসরণের প্রয়োজন হয়নি।
বিয়ের খবর এত দিন গোপন রাখার কারণও ব্যাখ্যা করেন আসাদ নূর। তিনি জানান, সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙা এবং ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে বিষয়টি আড়ালে রেখেছিলেন তাঁরা।
পাঞ্জাবি, শাড়ির আঁচল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে অনুসরণের মতো বিষয়গুলোও ছিল সেই পরিকল্পনার অংশ। এসব ইঙ্গিতের মাধ্যমে মানুষের কৌতূহল ও প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করেছেন তাঁরা।
আসাদ নূর আরও জানান, পারশার পরিবার, বেড়ে ওঠা, ক্যারিয়ার ও অর্জনের প্রতি সম্মান রেখেই তাঁরা একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।
লাইভে নিজেদের রাজনৈতিক সম্পৃক্ততা ও ধর্মীয় বিশ্বাস নিয়েও কথা বলেন আসাদ নূর। এ ছাড়া পারশাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর ছবি, ট্রল ও অপপ্রচারের সমালোচনা করেন তিনি। নারীদের ব্যক্তিগত মর্যাদা ও সম্মান রক্ষার আহ্বানও জানান।

