চলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে সরকারি ব্যয় সংকোচন এবং উন্নয়ন প্রকল্পে অগ্রাধিকার নির্ধারণের নির্দেশ দিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন গাড়ি কেনা, বিদেশে প্রশিক্ষণ এবং নতুন ভবন নির্মাণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একই সঙ্গে মূল বাজেটে নির্ধারিত মোট ব্যয়সীমার বাইরে অতিরিক্ত বরাদ্দ দাবি করতে পারবে না কোনো মন্ত্রণালয় বা বিভাগ।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেট প্রাক্কলনসংক্রান্ত পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) জারি করা পরিপত্রে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট-১) ড. জিয়াউল আবেদীন।
পরিপত্র অনুযায়ী, সংশোধিত বাজেট প্রণয়নের ক্ষেত্রে পরিচালন ও উন্নয়ন উভয় খাতের ব্যয় মূল বাজেটে নির্ধারিত মোট ব্যয়সীমার মধ্যে রাখতে হবে। কোনোভাবেই অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। তবে অগ্রাধিকারপ্রাপ্ত কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনে একই মন্ত্রণালয় বা বিভাগের বিভিন্ন অপারেশনাল ইউনিট কিংবা অর্থনৈতিক কোডের মধ্যে বরাদ্দ কমানো-বাড়ানো যাবে। এ ক্ষেত্রে মূল বাজেটের মোট ব্যয়সীমা অতিক্রম করা যাবে না।
সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে পরিচালন বাজেটের আওতায় শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়-সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া নতুন আবাসিক, অনাবাসিক ও অন্যান্য ভবন নির্মাণ বন্ধ থাকবে। তবে কোনো চলমান নির্মাণকাজের অগ্রগতি কমপক্ষে ৭০ শতাংশ হলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে বাকি কাজের জন্য ব্যয় করা যাবে। জরুরি প্রয়োজনে যথাযথ যৌক্তিকতা উপস্থাপন করে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগও প্রতিটি ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করতে পারবে।
নতুন যানবাহন কেনার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, মোটরযান, জলযান ও আকাশযান কেনার জন্য বরাদ্দ করা অর্থ ব্যয় করা যাবে না। তবে ১০ বছরের বেশি পুরোনো টিওঅ্যান্ডইভুক্ত (টেবিল অব অর্গানাইজেশন অ্যান্ড ইকুইপমেন্ট) যানবাহন প্রতিস্থাপন এবং নবগঠিত সরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যানবাহন অর্থ বিভাগের অনুমোদনক্রমে কেনা যাবে।
এ ক্ষেত্রে অ্যাম্বুলেন্স ও নিরাপত্তার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া প্রতিস্থাপন বা নতুন কেনা জিপ ও কার অবশ্যই ফুল ইলেকট্রিক ভেহিকল (এফইভি) হতে হবে। তবে ৮ জুলাই ২০২৬-এর আগে অনুমোদিত উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে এ শর্ত শিথিলযোগ্য।
সরকারি কর্মচারীদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত বিশেষ অগ্রিম ঋণ খাতেও কোনো বরাদ্দ রাখা যাবে না। পাশাপাশি পরিচালন বাজেটে ভূমি অধিগ্রহণ খাতে বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে। তবে উন্নয়ন বাজেটের ক্ষেত্রে এ বিষয়ে অর্থ বিভাগের ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে।
সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণও বন্ধ থাকবে। তবে অত্যাবশ্যকীয় বিবেচনায় সীমিত পরিসরে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণের জন্য বরাদ্দ রাখা যাবে। এ ক্ষেত্রে অর্থ বিভাগের ৮ জুলাই ২০২৬ তারিখে জারি করা পরিপত্র অনুসরণ করতে হবে।
অন্যদিকে, আপ্যায়ন, সেমিনার, অনুষ্ঠান ও উৎসব খাতে অপরিহার্য বিবেচনায় অর্থ বরাদ্দ রাখা যাবে। তবে এসব ক্ষেত্রে আড়ম্বর পরিহার করে সাশ্রয়ীভাবে অর্থ ব্যয় করতে হবে। উন্নয়ন বাজেটে পরিকল্পনা কমিশনের অনুকূলে বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা খাতে সংরক্ষিত সরকারি অর্থও অর্থ বিভাগের পূর্বানুমোদন ছাড়া ব্যয় করা যাবে না।
রাজস্ব আদায় ও বেতন-ভাতা প্রাক্কলনে নির্দেশনা
সংশোধিত বাজেটে রাজস্ব ও মূলধন প্রাপ্তির প্রাক্কলন তৈরির ক্ষেত্রে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাস এবং চলতি অর্থবছরের প্রথম চার মাসের রাজস্ব আদায়ের ধারা বিবেচনায় নিতে বলা হয়েছে। কোনো খাতে আদায়ের হার বাড়ানো হয়ে থাকলে নতুন হারে সম্ভাব্য অতিরিক্ত রাজস্ব আদায়ের বিষয়টিও প্রাক্কলনে অন্তর্ভুক্ত করতে হবে।
পরিচালন ব্যয়ের সংশোধিত প্রাক্কলন তৈরির ক্ষেত্রেও আগের দুই অর্থবছরের প্রথম ছয় মাস এবং চলতি অর্থবছরের প্রথম চার মাসের প্রকৃত ব্যয়ের ধারা বিবেচনা করতে হবে।
বেতন-ভাতা খাতের সংশোধিত প্রাক্কলন প্রস্তুতে জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসের প্রকৃত ব্যয় বিবেচনা করা যেতে পারে। সংশ্লিষ্ট প্রধান হিসাবরক্ষণ ও অর্থ কর্মকর্তার কার্যালয়ের তথ্য-উপাত্ত পর্যালোচনা ও সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া চলতি অর্থবছরে অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত থেকে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হলে সংশোধিত বাজেটে তার প্রতিফলন নিশ্চিত করতে হবে। অর্থ বিভাগের অনুমোদন কিংবা মন্ত্রণালয় ও সংস্থার অর্পিত ক্ষমতাবলে কোনো পুনঃউপযোজন করা হয়ে থাকলে সংশ্লিষ্ট অর্থনৈতিক কোডে তা অন্তর্ভুক্ত করতে হবে।
উন্নয়ন প্রকল্পে অগ্রাধিকার নির্ধারণ
সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) প্রকল্পের সংখ্যা সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের কৌশলগত লক্ষ্য, নির্বাচনি ইশতেহার ও অগ্রাধিকার বিবেচনায় গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো অন্তর্ভুক্ত করতে হবে। প্রয়োজনে কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিতে হবে। আরএডিপির মূল অংশে বরাদ্দ ছাড়া কোনো প্রকল্প রাখা যাবে না।
একই সংস্থার অধীনে একই উদ্দেশ্য বা প্রকৃতির একাধিক ছোট প্রকল্প আলাদাভাবে প্রস্তাব না করে গুচ্ছ প্রকল্পের আওতায় একত্রে প্রস্তাব করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি দারিদ্র্য বিমোচনে সহায়ক এবং মানবসম্পদ উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট খাতকে গুরুত্ব দিতে বলা হয়েছে।
সংশোধিত এডিপিতে বৈদেশিক ঋণ ও অনুদানে বাস্তবায়নাধীন প্রকল্প, নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন-সংশ্লিষ্ট প্রকল্প, মানব উন্নয়ন, কৃষি, বিদ্যুৎ উৎপাদন, কৃষিভিত্তিক শিল্প, পরিবেশ ও জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং পুনর্বাসন-সংশ্লিষ্ট প্রকল্পকে অগ্রাধিকার দিতে হবে। এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরে যেসব প্রকল্প শেষ হওয়ার কথা, সেগুলোকেও অগ্রাধিকার দিতে হবে।
বৈদেশিক ঋণ বা অনুদান চুক্তি সম্পাদিত হয়েছে কিংবা অর্থায়ন নিশ্চিত হয়েছে, এমন প্রকল্পগুলো সংশোধিত এডিপিতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। একই সঙ্গে অনুমোদিত প্রকল্পের মোট ব্যয়সীমা অতিক্রম না করে এ পর্যন্ত ক্রমপুঞ্জীভূত ব্যয় ও সম্ভাব্য বাস্তবায়ন অগ্রগতির ভিত্তিতে বরাদ্দ প্রস্তাব করতে হবে।
ধীরগতির প্রকল্প থেকে বরাদ্দ কমিয়ে দ্রুত বাস্তবায়নযোগ্য গুরুত্বপূর্ণ প্রকল্পে প্রয়োজন অনুযায়ী অর্থ বরাদ্দের নির্দেশনাও রয়েছে। চলমান প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করতে প্রয়োজনীয় স্থানীয় মুদ্রার বরাদ্দ নিশ্চিত করার পরই কেবল অপরিহার্য নতুন প্রকল্পের জন্য স্থানীয় মুদ্রা বরাদ্দের প্রস্তাব করা যাবে।
এ ছাড়া বৈদেশিক ঋণ বা অনুদানে বাস্তবায়নাধীন প্রকল্পের ক্ষেত্রে ঋণ বা অনুদানের অর্থ ব্যবহারের জন্য প্রয়োজনীয় স্থানীয় মুদ্রার বরাদ্দকে (ম্যাচিং টাকা কভার) অগ্রাধিকার দিতে বলা হয়েছে। সংশোধিত এডিপিতে এলাকাভিত্তিক ও অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের বিষয়টিও নিশ্চিত করতে হবে।
বাজেট জমার শেষ সময় ২৬ নভেম্বর
পরিপত্রে বলা হয়েছে, সংশোধিত বাজেট প্রাক্কলন ও ব্যয় পরিকল্পনা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের বাজেট ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বিস্তারিত পরীক্ষা ও অনুমোদন করতে হবে। এসব প্রাক্কলনের সঙ্গে বাজেট ব্যবস্থাপনা কমিটির সভার কার্যবিবরণী সংযুক্ত করতে হবে।
সংশোধিত বাজেটের কর্তৃত্ব জারির পর তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজস্ব আহরণ, ব্যয় পরিকল্পনা ও বার্ষিক ক্রয় পরিকল্পনাও হালনাগাদ করতে হবে। এ জন্য অর্থ বিভাগের ২০ এপ্রিল ২০২৬ তারিখের পরিপত্র অনুসরণ করতে হবে।
চলতি অর্থবছরের পরিচালন বাজেটের সংশোধিত প্রাক্কলন এবং সংশোধিত নন-এডিপি স্কিমের প্রাক্কলন আগামী ২৬ নভেম্বরের মধ্যে অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ ও ২-এ পাঠাতে হবে।
অন্যদিকে, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও প্রকল্পের প্রাক্কলন অর্থ বিভাগের পাশাপাশি পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ, সাধারণ অর্থনীতি বিভাগ এবং সংশ্লিষ্ট সেক্টর ডিভিশনে পাঠাতে হবে।

