কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানেন না বলে জানিয়েছেন এই সংসদ সদস্য।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’
তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে এ ঘটনার জন্য আওয়ামী লীগের কর্মীদের দায়ী করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এনসিপির কুষ্টিয়া জেলা সদস্য সচিব সুলতান মারুফ তালহা এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির একজন যোদ্ধা ও সংসদ সদস্যের গ্রামের বাড়িতে এ ধরনের হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। একজন সংসদ সদস্যের বাড়িই যদি হামলার ঝুঁকিতে থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
তিনি অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ ঘটনায় পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
