জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে শাস্তি দিতে সরকার ব্যর্থ হলে উচ্চমূল্যে খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তিনি নিন্দা জানাচ্ছেন।
তিনি এ হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে বলেন, অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চমূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।
এর আগে বুধবার দিবাগত রাতে নিজের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেন নুসরাত তাবাসসুম।
তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।’
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, যে ঘরে আগুন দেওয়া হয়েছে, সেটি গরু রাখার ঘর। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রতিবেশীরা প্রথমে আগুন নেভান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ওই ঘরে থাকা গরুগুলো নিরাপদে বের করে নেওয়া হয়েছে।
এদিকে এনসিপির মিডিয়া সেলের পক্ষ থেকে দেওয়া এক ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের জন্য আওয়ামী লীগের কর্মীদের দায়ী করা হয়েছে। এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতও জানান, তাদের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।
তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
