জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আইন প্রণয়নের পাশাপাশি সংসদ সদস্যদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা আইনপ্রণেতাদের অন্যতম দায়িত্ব। একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র। রোববার জাতীয় সংসদের শপথ কক্ষে ইউএনডিপি কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস) শীর্ষক প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি যেমন বেড়েছে, তেমনি প্রকল্পের বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতাও বেড়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ-সদস্যদের দায়িত্ব। এই ওরিয়েন্টেশন কর্মশালার মাধ্যমে লব্ধ জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।
তিনি বলেন, জনগণের আকাঙ্খা ও প্রত্যাশা পূরণে বর্তমান সংসদ কাজ করছে। বিগত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জনগণ বর্তমান নির্বাচিত সংসদের দিকে তাকিয়ে আছে। সরকারের উন্নয়ন প্রকল্পের সহযোগী হিসেবে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ এর জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন অনির্বাচিতভাবে সংসদ সদস্য হন। ১১ বছর পরে নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। আমরা ফ্যাসিজম যেভাবে বিতাড়িত করতে পেরেছি, এসডিজিও তেমনিভাবে অর্জন করতে পারবো।
সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, জাতীয় উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে শুধু বাজেট বরাদ্দ এবং সরকারি ব্যয়ের পরিমাণ পর্যবেক্ষণ করলেই হবে না; বরং বরাদ্দ অর্থের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কিনা, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংসদীয় তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দারিদ্র্য বিমোচন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকের ঋণের সুদ মওকুফ এবং কৃষক কার্ড চালুসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং এসডিজির অভীষ্ট লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়া। আরও বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ। অনুষ্ঠানে সংসদের হুইপ, সংসদ-সদস্যরা, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
