সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরসংলগ্ন খাসজমিতে গড়ে ওঠা দোকানপাটের জন্য মাসিক ভাড়া নির্ধারণ করেছে প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি রেস্টুরেন্টকে মাসে ৫ হাজার টাকা, কসমেটিকসের দোকানকে ২ হাজার টাকা এবং অন্যান্য দোকানকে ১ হাজার ৫০০ টাকা ভাড়া দিতে হবে।
রোববার (১৫ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সিলেট জেলা উন্নয়ন সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন খাতের উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে বেশ কয়েকটি প্রস্তাব ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, দোকানপাট থেকে আদায় করা ভাড়া উপজেলা পর্যটন উন্নয়ন তহবিলের ব্যাংক হিসাবে জমা রাখা হবে। এ ছাড়া সাদাপাথর পর্যটন স্পটসংলগ্ন বাংলাদেশ রেলওয়ের বাংকার এলাকা পর্যটনকেন্দ্র হিসেবে ব্যবহারের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পত্র পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে, ভোলাগঞ্জ স্থলবন্দরের বিপরীত পাশে পর্যটন তথ্যকেন্দ্র স্থাপনের জন্য প্রস্তাবিত প্রায় ৩৬ একর জমিতে পাকা সীমানাপ্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। তিনি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা এবং নির্মাণকাজের গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত নিরসনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় জানায়, সিলেটে ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ঘোষণা করা হয়েছে। চাল সংগ্রহ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। সংগ্রহের লক্ষ্যমাত্রা পাওয়া মাত্রই কার্যক্রম শুরু করা হবে।
কৃষি উৎপাদন বাড়াতে রোপা আমন ধানের শতভাগ কর্তন নিশ্চিত করার পাশাপাশি উপজেলার অনাবাদি ও পতিত জমি চাষের আওতায় আনার নির্দেশ দেন জেলা প্রশাসক। বিশেষ করে প্রবাসীদের মালিকানাধীন পতিত জমি আবাদের আওতায় আনতে সরকারি নিবন্ধিত কৃষক ও সমবায় সংগঠনগুলোকে সম্পৃক্ত করার সম্ভাবনা যাচাই করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেন তিনি।
এ ছাড়া সরকারি দপ্তরগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে দাপ্তরিক ই-মেইল ও মোবাইল নম্বর ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। দাপ্তরিক কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহার না করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি বিবেচনায় ফায়ার সার্ভিসের জরুরি সেবা দ্রুত পৌঁছে দিতে ১০২ হটলাইন চালুর বিষয়টিও সভায় তুলে ধরা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার সঞ্চালনায় সভায় সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনজুরুল আলম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
