ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। পরে তিনি সাংবাদিকদের জানান, “তাকে ডিবিতে সোপর্দ করা হয়েছে।”

ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেছেন, সকাল আটটার দিকে সাঈদ খোকনকে ডিবির কাছে সোপর্দ করেছে এসআরবি। তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হবে সেটি তারাই ঠিক করবে।
এসআরবি কর্মকর্তা ইন্তেখাব চৌধুরী আরও বলেন, সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। তাকে কোন মামলার গ্রেপ্তার দেখানো হবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরের দফায় মেয়র নির্বাচনে দলের মনোনয়ন পাননি তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।
