ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের উত্তপ্ত ঢাকার সাভার। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) হেমায়েতপুরের বাগবাড়িতে স্ট্যান্ডার্ড গ্রুপের সামস স্টাইলিং-এর শ্রমিকরা সকাল থেকেই কাজে যোগদান না করে রাস্তায় আন্দোলনে নামার চেষ্টা করেন। এ সময় শ্রমিকরা বাগবাড়ি মোড়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। পুলিশ তাদের বাধা দিলে তাদের সাথে মুখোমুখি অবস্থান নেযন পোশাক শ্রমিকরা। শ্রমিকদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পরে পুনরায় শ্রমিকরা আবারও জড়ো হয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করেন। একপর্যায়ে কিছুক্ষণ পর পর পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অপরদিকে, সকাল থেকে শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিকরা নিজ নিজ কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করেছেন।
এদিকে, আজ ভোর পাঁচটার দিকে সাভারের মধুমতি মডেল টাউনের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মুহূর্তের মধ্যে বাসটি আগুনে পুড়ে যায়।

