নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ

বাংলাদেশ গ্লোবাল
2 Min Read

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে দলটির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীরা। সোমবার রাতে মধ্য লন্ডনের মেয়ফেয়ার হলের পেছনের সড়কে প্রায় ২০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি চলে। এ ঘটনায় চারজনের মাথায় গুরুতর আঘাত লাগে। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা লাঠিপেটা করে লন্ডন পুলিশ।

এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে যাওয়া নাহিদ ইসলামের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। অনুষ্ঠান চলার সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হলের বাইরে বিক্ষোভ করেন। তাদের উদ্দেশ্য ছিল, নাহিদ ইসলামের সামনে বিক্ষোভ করা। অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল ছোড়েন আওয়ামী লীগ সমর্থকরা। হলের বাইরের অংশে কয়েকজন অতিথিকে মারধরও করা হয়।

অনুষ্ঠান শেষে হলের পেছনের সড়কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এনসিপি আওয়ামী লীগ লন্ডন বাংলাদেশ গ্লোবাল

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে হামলার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের কর্মীরা ‘সাধারণ’ প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

এনসিপির আহ্বায়ক বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত এই ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে। এটি শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, বরং গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্যও উদ্বেগজনক।”

তবে সংঘর্ষ ও বিক্ষোভের মধ্যে নাহিদ ইসলাম সরাসরি বিক্ষোভকারীদের মুখোমুখি হননি। সন্ধ্যার অনুষ্ঠানের তিন ঘণ্টারও বেশি আগে, বিকেল তিনটায় মেয়ফেয়ার হলে প্রবেশ করেন নাহিদ। অনুষ্ঠান শেষে মূল প্রবেশপথ ব্যবহার না করে হলের পেছনের দরজা দিয়ে বের হন তিনি। এতে বিক্ষোভকারীদের মুখোমুখি হওয়ার পরিস্থিতি এড়ানো সম্ভব হয়। এর আগে, গত শনিবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামের কর্মসূচি ঘিরে তাঁকে ‘হেনস্তার চেষ্টা’ করেন আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকরা।

সংবাদটি শেয়ার করুন