
এর আগে, একই দিন সন্ধ্যার দিকে সাইফুলের মায়ের অভিযোগের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ উপজেলার বিজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। দন্ডপ্রাপ্ত সাইফুল ওই গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাইফুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ায় নেশার টাকার জন্য তিনি প্রায়ই মা ও পরিবারের সদস্যদের মারধর করতেন। সোমবার সন্ধ্যায় মাদকাসক্ত অবস্থায় তিনি বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন এবং মাকে মারধর করেন। পরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাইফুলের অত্যাচারের বিষয়ে তার বোন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে জানান। পরে পুলিশ বিষয়টি তাকে অবহিত করে। খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করে। এরপর তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত সাইফুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। পরে আদালতের আদেশ অনুযায়ী পুলিশ তাকে কারাগারে পাঠায়।
