সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মর্যাদাপূর্ণ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আন্তর্জাতিক ফটোগ্রাফি অ্যাওয়ার্ড (HIPA)-এর ১৫তম আসরে গ্র্যান্ড প্রাইজ বিজয়ী বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমানকে সংবর্ধনা দিয়েছে বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ।

দুবাইয়ের মিউজিয়াম অব দ্য ফিউচারে অনুষ্ঠিত HIPA-এর ১৫তম আসরে গ্র্যান্ড প্রাইজ অর্জন করায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সিনিয়র সহ সাধারণ সম্পাদক সাহেদ মাস্টার ও সহসভাপতি সিরাজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের সভাপতি নাজমুল ইসলাম সাঈদ, কমিউনিটি নেতা এ আর মামুন, মাহমুদুল হাসান, সংগঠনের সিনিয়র সহসভাপতি রোমান আফতাব, সাংবাদিক সরওয়ার উদ্দিন রনি, মো. ফয়সাল, মঞ্জুর হোসেন, মাহবুবুর রহমান, মনির হোসেনসহ আরও অনেকে।
সংবর্ধিত অতিথি পিনু রহমান তাঁর বক্তব্যে দেশের মানুষের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় তিনি নিজের অর্জনের পেছনের অভিজ্ঞতা, সংগ্রাম ও স্মৃতিচারণ করেন।
পিনু রহমানের ক্যামেরায় ধরা পড়া একটি পরিবারের বেঁচে থাকার গল্প আজ পৌঁছে গেছে বিশ্বদরবারে। ২০২৫ সালের নভেম্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেড় হাজারেরও বেশি ঘরবাড়ি পুড়ে যায়। সেই ধ্বংসস্তূপের মধ্যেও পরিবারের ভালোবাসা, ঐক্য, বেঁচে থাকার সংগ্রাম এবং প্রতিকূলতার কাছে হার না মানার গল্প তাঁর আলোকচিত্রের মাধ্যমে বিশ্ববাসীর সামনে উঠে এসেছে।
প্রবাসের মাটিতে বাংলাদেশের একজন আলোকচিত্রীর এমন আন্তর্জাতিক অর্জন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, পিনু রহমানের এই সাফল্য আগামী দিনে বাংলাদেশের নতুন প্রজন্মকে আলোকচিত্র, শিল্প ও সৃজনশীল চর্চায় আরও বেশি উৎসাহিত করবে। তাঁর এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

