কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা, দুই শিশুসহ গ্রেফতার ৬

শাকিল মোল্লা
- কুমিল্লা
2 Min Read

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন দিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি ও নাশকতা চেষ্টার অভিযোগে দুই শিশুসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ফেনী সীমান্তবর্তী আলকরা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী পদুয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

পুলিশ সূত্রে জানা যায়, ভোরে একদল দুর্বৃত্ত নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ওই এলাকায় সমবেত হয়। এ সময় তারা একটি সিএনজি অটো রিকশায় করে দাহ্য পদার্থ নিয়ে এসে মহাসড়কের ওপর টায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি ও নাশকতার চেষ্টা চালানো হয়।

খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক শামসুল আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয় জনসাধারণের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের কাজী কামালের ছেলে কাজী মনা (২০), ছিনাইমুড়ি গ্রামের বাবুলের ছেলে মো. হাসান (২০), শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামের মৃত শহিদের ছেলে মো. সজিব (২০), ফেনী পৌরসভার শান্তি কোম্পানি রোডের শরীফ উদ্দিনের ছেলে মো. আল আমিন (২০), চৌদ্দগ্রামের আশফালিয়া গ্রামের সাইফ উদ্দিন ভূঁইয়ার ছেলে ইলহাম (১৫) এবং ফেনী পৌরসভার সাহেব বাজার এলাকার মো. আলমগীরের ছেলে মো. আল আমিন (১৬)। গ্রেফতারকৃত ছয়জনের মধ্যে ১৫ ও ১৬ বছর বয়সী দু’জন শিশু রয়েছে। পুলিশ তাদের ‘আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু’ হিসেবে উল্লেখ করেছে।

সংবাদটি শেয়ার করুন