
ছোট পর্দার অভিনেতা তমাল মাহবুবকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর আজিমপুরের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে এখনো তাঁকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম তমাল মাহবুবকে আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, তমাল মাহবুবকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তাঁকে এখনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।
এর আগে, শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুর এলাকা থেকে তমাল মাহবুবকে আটক করা হয়। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে আটকের কারণ সম্পর্কে বিস্তারিত না জানালেও পরে তিনি বলেন, তমাল মাহবুবের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এই অভিনেতার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অভিযোগের বিষয়ে তমাল মাহবুবের বক্তব্যও পাওয়া যায়নি।
এর আগে, গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি এখন কারাগারে।

