
১৮ নভেম্বর বিশ্ব শিশু যৌন শোষণ, নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং নিরাময় দিবস। প্রতি বছর বিশ্বব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আদৌ কি শিশুরা সুরক্ষিত? সমাজের মানুষ কি সচেতন? প্রতি বছর শিশুদের ওপর যৌন নিপীড়নের ঘটনা বাড়ছে, নাকি কমছে?
বস্তুত, প্রতি বছর দিবসটি আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি চোখে পড়ছে না। বরং দেশে শিশুদের ওপর যৌন নিপীড়নের ঘটনা উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে ৮৬ জন শিশু হত্যার শিকার হয়েছে এবং ৩৩৬ জন শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। শিশু অধিকার বিষয়ক সংগঠন ‘শিশুরাই সব’-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। অপরাধীদের একটি বড় অংশই শিশুদের পরিচিতজন। তাঁদের মধ্যে রয়েছেন পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, শিক্ষক ও স্থানীয় পরিচিত ব্যক্তিরা।
সাম্প্রতিক সময়ে মাদ্রাসায় শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনাও উদ্বেগজনকভাবে সামনে আসছে। মানবাধিকার সংস্থা জাস্টিস মেকার্স বাংলাদেশ ইন ফ্রান্সের (JMBF) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম নয় মাসে দেশের বিভিন্ন মাদ্রাসায় ৭২টি ঘটনায় ১০৯ জন শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। এ ধরনের ঘটনা শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক ব্যবস্থায় শিশুদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
অন্যদিকে, ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৫ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (MICS) অনুযায়ী, ১ থেকে ১৪ বছর বয়সী ৮৫.৭ শতাংশ শিশু আগের এক মাসে কোনো না কোনো ধরনের সহিংস শাসন বা শাস্তির শিকার হয়েছে। এই পরিসংখ্যান শিশুদের সামগ্রিক সুরক্ষা পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরে।
যৌন নির্যাতনের মতো ঘটনায় সমাজের একাংশের মানুষ এখনো দায় চাপিয়ে দেন নারীর পোশাকের ওপর। কিন্তু পোশাকই যদি যৌন নির্যাতনের কারণ হতো, তাহলে ছোট শিশু থেকে শুরু করে ছেলে শিশুরাও কেন যৌন নির্যাতনের শিকার হচ্ছে? স্পষ্টতই, পোশাক নয়; বরং অপরাধপ্রবণ ও বিকৃত মানসিকতা, ক্ষমতার অপব্যবহার, শিশুদের প্রতি অসম্মান এবং জবাবদিহির অভাব এ ধরনের অপরাধের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শুধু দিবস পালন কিংবা আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়। দিবসটির প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়নে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং খুঁজে বের করতে হবে, কেন শিশুদের ওপর যৌন নিপীড়নের ঘটনা ঘটছে। চিহ্নিত করতে হবে এর মূল কারণগুলো এবং গ্রহণ করতে হবে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ। সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি সরাসরি সভা, সেমিনার ও প্রচার-প্রচারণার আয়োজন করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে শিশু সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। পাশাপাশি শিশুদের নিরাপদ-অনিরাপদ আচরণ সম্পর্কে বয়সোপযোগী শিক্ষা দিতে হবে, যাতে তারা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বিশ্বস্ত বড়দের সাহায্য চাইতে পারে। অপরাধীদের দ্রুত ও নিরপেক্ষ বিচারের আওতায় আনার পাশাপাশি ভুক্তভোগী শিশুদের নিরাপত্তা, চিকিৎসা ও মানসিক সহায়তা নিশ্চিত করতে হবে।
পরিশেষে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন—শিশুদের ওপর যৌন নির্যাতনের এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর, বাস্তবসম্মত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করুন। দিবসটি যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে; বরং প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করার অঙ্গীকার বাস্তবে প্রতিফলিত হোক।
লেখক: জান্নাতুন ফেরদৌস
শিক্ষার্থী, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

