
পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ৪১ টন ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলির সপ্তম চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে। আজ শুক্রবার সকাল ৬টা ২০ মিনিটে চারটি বিশেষ লরিতে চালানটি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সড়কের দুই পাশে নিরাপত্তার দায়িত্ব পালন করে।
এর আগে, বৃহস্পতিবার রাতে রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে রাত ১টার দিকে চারটি বিশেষ লরিতে করে সড়কপথে রূপপুরের উদ্দেশে রওনা হয়। চালান পরিবহনের সময় গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা ও কুষ্টিয়ায মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
এর আগে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। তবে আট ঘণ্টা পর পরীক্ষা-নিরীক্ষার জন্য সরবরাহ বন্ধ রাখা হয়। ধাপে ধাপে পরীক্ষা শেষে পুনরায় বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

