আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য পুলিশ বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করবেন। আজকে পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে বলেও দাবি করেন তিনি। আইজিপি বলেন, আগামীতেও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। আজ শুক্রবার বিকালে জেলা সার্কিট হাউসে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা শেষ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

থানা পুড়িয়ে দেয়া প্রসঙ্গে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, এই থানাগুলো আপনাদেরই জন্য। আপনারা যদি থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ বাহিনী কাজ করবে কিভাবে? দেশে যদি আইন না থাকে, সহযোগিতা না করেন – তাহলে পুলিশ কাজ করতে পারবে না। যদি মনে করেন, এখানে পুলিশ থাকবে না – তাহলে আপনারাই আপনাদের আইন-শৃঙ্খলা পরিচালনা করেন।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ সার্কিট হাউজে পৌঁছে জেলা পুলিশের সাথে আলোচনায় বসেন তাঁরা। এ সময় তাঁরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ-খবর নেন বলে জানা গেছে।
গত রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা দিনভর তাণ্ডব চালায় বলে অভিযোগ রয়েছে। দু’টি থানা, সংসদ সদস্য ও বিএনপি এবং জামায়াত নেতা-কর্মীদের বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।


