নিজের জন্মদিনে একদল শিশু-কিশোরকে ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পর তাদের হাতে এসব উপহার তুলে দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের খোঁজ-খবর নেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, ‘প্রধানমন্ত্রীর জন্মদিন হলেও আজ তিনি শিশু-কিশোরদের ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন। তাদের খোঁজ-খবরও নিয়েছেন।’ তিনি আরও জানান, উপহার দেওয়া ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, বাস্কেটবল ও জাল।
এ সময় তারেক রহমান শিশুদের একসঙ্গে খেলাধুলা করতে উৎসাহিত করেন। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আনন্দিত শিশু-কিশোররা উচ্ছ্বাস প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তারা সমস্বরে বলে, ‘আঙ্কেল, শুভ জন্মদিন।’ জবাবে প্রধানমন্ত্রী হেসে তাদের ধন্যবাদ জানান।
এ ছাড়া বৃষ্টিতে ভিজতে নিষেধ করে তিনি বলেন, এতে তাদের ঠান্ডা লাগতে পারে। এরপর ‘আসসালামু আলাইকুম’ বলে শিশুদের কাছ থেকে বিদায় নেন প্রধানমন্ত্রী। শিশুরাও ‘আসসালামু আলাইকুম, আঙ্কেল’ বলে জবাব দেয়।
