
ঢাকার আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে। আজ শনিবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিল্প পুলিশ জানায়, সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে রাস্তা অবরোধ করার চেষ্টা করলে শ্রমিকদের পুলিশ সরে যেতে বলে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে, শ্রমিক বিক্ষোভের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ায় এখন পর্যন্ত ৫০টি তৈরি পোশাক কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। এছাড়া বন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য ১১ টি তৈরি পোশাক কারখানা।
অন্যদিকে, সাভারে এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। তবে শিল্পাঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

