
দেশের মানুষের জন্য যা ভালো, বিএনপি সরকার তা-ই করবে এবং মানুষের সব আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘দেশের বাইরে আমাদের কারো কোনো ঠিকানা নেই। আমরা এ দেশেই থাকবো এবং এ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবো।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরকে সামনে রেখে আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় গোবিন্দগঞ্জে আগমন ও বিভিন্ন কর্মসূচির সম্ভাব্য স্থান পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরকালে তিনি করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের সম্মানি প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন বলে সম্ভাব্য কর্মসূচিতে রয়েছে। এ ছাড়া দু’টি পথসভায় বক্তব্য দেওয়ারও সম্ভাব্য কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মীর শাহে আলম বলেন, সবকিছু ঠিক থাকলে ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে এসে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এলজিআরডি প্রতিমন্ত্রী আরও বলেন, এই সফরে গোবিন্দগঞ্জের উন্নয়ন, নদী খনন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের কল্যাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে। পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

