গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) স্টেশন সদর দপ্তর রাজেন্দ্রপুরের সার্বিক তত্ত্বাবধানে এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান বিপসট কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান এবং স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ নাসির উদ্দিন।

স্বাগত বক্তব্যে মেজর জেনারেল সৈয়দ সাব্বির আহমেদ মুক্তিযুদ্ধে গাজীপুর অঞ্চলের মানুষের সাহসিকতা ও অবদানের কথা স্মরণ করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় তিনি দেশের দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি আধুনিক সামরিক প্রযুক্তি ও দেশীয় উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

