
ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং আগ্রাসন অব্যাহত রাখার জবাবে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স রোববার ভোরে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে একটি আক্রমণাত্মক অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর অবস্থান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, বাহরাইনে মার্কিন সেনাবাহিনীর দু’টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এ হামলায় বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে মোতায়েন ওই দু’টি রাডারকে লক্ষ্যবস্তু করা হয়।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, ইরানের আকাশসীমা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘রেড লাইন’। কোনো দেশ বা আগ্রাসী বাহিনী এই আকাশসীমা লঙ্ঘন করলে কঠোর ও চূড়ান্ত জবাব থেকে রেহাই পাবে না।

