চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বগিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে পুড়ে গেছে পাওয়ার কার ও পাশের যাত্রীদের এসি বগি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে সাতটার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেনটি পোর্ট লিংক গেট অতিক্রমের সময় একটি বগিতে আগুন জ্বলতে দেখা যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি গেটম্যানকে জানালে তিনি রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে দ্রুত ট্রেনটি থামিয়ে আগুন লাগা বগি দু'টিকে আলাদা করে ফেলা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের দু'টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন বাংলাদেশ মিলিটারি একাডেমির সৈনিকরা।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আহসান আলী সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ৬টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট। এতে সহযোগিতা করেন বাংলাদেশ মিলিটারি একাডেমির সৈনিকরা। এ কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ট্রেনের যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত বগি দু'টির মধ্যে একটি হলো যাত্রীবাহী, আরেকটি হলো ইঞ্জিন।
ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনের দু'টি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ট্রেনের পাওয়ার কার বগি থেকে। যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। ঢাকামুখী লেনে ট্রেন চলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com