ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মানুষের প্রত্যাশা পূরণে ধৈর্য ধরে আইনশৃঙ্খলার মধ্যে থেকে কাজ করতে হবে এবং কোনোভাবে যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘আমাদের চেষ্টা করতে হবে, সবকিছু যেন স্বাভাবিক থাকে। আমি অফিসে আরও আসবো, তবে রাস্তা বন্ধ করা যাবে না। মানুষের চলাফেরা বাধাগ্রস্ত করা যাবে না।’
তিনি বলেন, দলীয় কার্যালয়ে এলে সাংগঠনিক কাজ করা যাবে এবং নেতাকর্মীদের সঙ্গে দেখা করা সম্ভব হবে। ‘আপনাদের সহযোগিতা থাকলে আমি অফিসে আসতে পারবো, না থাকলে পারবো না,’ বলেন তিনি।
নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমাদের ধৈর্য ধরতে হবে, আইনশৃঙ্খলার ভেতরে থাকতে হবে এবং আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে।’ তিনি বলেন, দেশে নানা সমস্যা রয়েছে— এসব বিষয়ে মানুষকে বোঝাতে হবে এবং তাদের ধৈর্য ধারণে সহযোগিতা করতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে।’ তাই কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যেন মানুষের কষ্ট বা অসুবিধা না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com