ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চ নাটক দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। শনিবার সন্ধ্যায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে তাঁরা শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সহধর্মিণী জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে যান। সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী সেখানে যান। তারা নাটক দেখেছেন।’
এদিকে, প্রধানমন্ত্রী নাটক দেখতে এসেছেন- এ খবর ছড়িয়ে পড়লে মিলনায়তনে থাকা শিশু দর্শক ও অভিভাবকদের মধ্যে ভিন্ন অনুভূতির সৃষ্টি হয়। মহিলা সমিতি মিলনায়তনে সরকার প্রধানের আগমনে শিশু শিল্পীসহ দর্শকদের হতচকিত হতে দেখা যায়। কাছ থেকে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের দেখে অনেককে খুশিতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে যখন মঞ্চে ওঠেন, তখন পুরো মিলনায়তনের দর্শকরা তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘বিনোদনের জন্য নাটক দেখতে নয়, মূলত প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা শিশু শিল্পীদের উৎসাহ দিতেই সেখানে যান। প্রধানমন্ত্রী পরে শিশু শিল্পীদের সাথে ফটো সেশনে অংশ নেন।’
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com