
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজের দেওয়া সব নির্দেশনা তাঁর প্রশাসন মেনে চলবে না বলে জানিয়েছেন মিয়ানমারের সেনা সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। আইসিজের রায়ের পর এ বিষয়ে প্রথমবারের মতো মন্তব্য করতে গিয়ে মিন অং হ্লাইং বলেন, রায়ে ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করায় মিয়ানমারের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। গতকাল বুধবার এক বৈঠকে তিনি বলেন, ‘মিয়ানমার একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে যা উপযুক্ত, তেমন পদক্ষেপই নেবে। তবে যেসব শর্ত অনুপযুক্ত মনে করবে, সেগুলো মানবে না।’ মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে৷ তবে আইসিজের কোন নির্দেশগুলোকে তাঁর প্রশাসন ‘অনুপযুক্ত’ বলে মনে করছে, সে বিষয়ে তিনি বিস্তারিত বলেননি।
আইসিজের রায়ে যা বলা হয়েছে
আইসিজের রায়ে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশটি যে জেনোসাইড কনভেনশন, অর্থাৎ, গণহত্যা বিষয়ক সনদ লঙ্ঘন করে চলেছে, তা বন্ধ করার নির্দেশও দেয়া হয় রায়ে। একই সঙ্গে ২০১৭ সালের সামরিক অভিযানের সঙ্গে জড়িত ছিলেন এমন যৌক্তিক সন্দেহভাজন ব্যক্তিদের দ্রুত তদন্তের আওতায় এনে, বিচার করে তাদের শাস্তি নিশ্চিত করতেও বলেছে আইসিজে। রায়ের নির্দেশনায় আরো বলা হয়েছে, ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা ঘটবে না সে নিশ্চয়তাও যেন দেয় মিয়ানমার সরকার।
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফিরে আসার সুযোগ করে দেওয়া, তাদের সম্পত্তি পুনরুদ্ধার বা ক্ষতিপূরণ দেওয়া, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে সহায়তা করা, বেঁচে যাওয়া ব্যক্তিদের পুনর্বাসন করা এবং রোহিঙ্গাদের বৈষম্য ও নিপীড়ন থেকে রক্ষা করার কথাও সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে রায়ে। আইসিজে আরো নির্দেশ দিয়েছে, রোহিঙ্গাদের যে ক্ষতির প্রতিকার সরাসরি সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সম্ভব নয়, তার জন্য মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে হব।

রায়ে আইসিজের প্রেসিডেন্ট ইয়াসাওয়া ইয়ুজি বলেন, ‘রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমার রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, ক্ষতিপূরণের প্রস্তাবসহ কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, মিয়ানমারকে তা দুই বছরের মধ্যে প্রতিবেদনের মাধ্যমে জানাতে হবে।
মিয়ানমারের অবস্থান
মিয়ানমার শুরু থেকেই দাবি করে আসছে, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনী যে অভিযান চালিয়েছিল, তা ছিল এক বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ। এর আগে, সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন দাবিও করেছিল যে, সেই অভিযানগুলো ‘গণহত্যার উদ্দেশ্যে চালানো হয়নি, বরং সেগুলোর পরিধি ও সময়কাল ছিল সীমিত’ এবং তার স্থায়িত্ব ‘মাত্র কয়েক দিন’ ছিল। ২০১৭ সালের সেই সামরিক অভিযানের মুখে সাত লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বাংলাদেশের বিশাল শরণার্থী শিবিরগুলোতে বসবাসরত রোহিঙ্গার সংখ্যা এখন প্রায় ১২ লাখ।
এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করে রায় দিয়েছে আইসিজে। এ রায় চূড়ান্ত। তবে রায় কার্যকর করার ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা রয়েছে। গত ১৯ নভেম্বর রায় ঘোষণা করে আইসিজে। তারপর গতকালই এ বিষয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করলেন জান্তা প্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং। আইসিজের রায় প্রত্যাখ্যান করে তিনি দাবি করেন, রায়ে ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করায় মিয়ানমারের সুনাম ক্ষুণ্ণ হয়েছে।
