সুন্দরবন, মোংলা বন্দর ও ঐতিহ্যবাহী হিরণ পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মোংলা বন্দর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শন শেষে তিনি মোংলা বন্দর এলাকা সফর করেন। প্রধানমন্ত্রীর এই উপস্থিতিতে বাগেরহাট, রামপাল, মোংলা ও খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বস্তরের বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নেমে আসে আনন্দ-উচ্ছ্বাসের জোয়ার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাঁকে কাছে পেয়ে হাজারো নেতা-কর্মী আনন্দে আত্মহারা হয়ে পড়েন।

সফরকালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যখন সফরসঙ্গীদের গাড়িবহর নিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের গাড়ি থেকে নেমে সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের মুখোমুখি হন। তিনি নেতা-কর্মীদের হাতে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রীকে হঠাৎ এতো কাছে পেয়ে মুহূর্তের মধ্যে পুরো এলাকা উল্লাস ও আনন্দে মেতে ওঠে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিএনপির জেলা, উপজেলা ও নগর পর্যায়ের শীর্ষ নেতারা অভিমত ব্যক্ত করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে অত্র অঞ্চলের অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়নের গতি বৃদ্ধি পাবে এবং মানুষের সার্বিক জীবনযাত্রার মানের আমূল পরিবর্তন ঘটবে।
প্রধানমন্ত্রীর এই পরিদর্শন ও সার্বিক পর্যবেক্ষণকে কেন্দ্র করে মোংলা, রামপাল এবং বাগেরহাটের সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক আশাবাদ ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।
