এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে শক্তিশালী চীনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের পুল পর্বের শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে দারুণ লড়াই করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে সমতাসূচক গোলটি করেন অধিনায়ক আশরাফুল ইসলাম।
ভারতের জলন্ধরে অনুষ্ঠিত ম্যাচে প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় চীন। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বাংলাদেশ। পুরো মাঠজুড়ে লড়াই চালিয়ে যায় দলটি।
ম্যাচের তৃতীয় কোয়ার্টারে সমতায় ফেরার সুযোগ পায় বাংলাদেশ। এ সময় পাওয়া গুরুত্বপূর্ণ পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন অধিনায়ক আশরাফুল ইসলাম। তাঁর গোলে ১-১ সমতায় ফেরে বাংলাদেশ।
এরপর ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল করতে পারেনি দুই দল। শেষ পর্যন্ত চীনের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে পুল পর্বের প্রথম চার ম্যাচে ভারত, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ। ফলে চীনের বিপক্ষে এই ড্র টুর্নামেন্টে বাংলাদেশের জন্য ছিল ঘুরে দাঁড়ানোর একটি উল্লেখযোগ্য মুহূর্ত।
বাংলাদেশ হকি ফেডারেশনের মিডিয়া উইংয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

