ঢাকার ধামরাইয়ে চারটি অবিস্ফোরিত ককটেল ও তিনটি পেট্রোল বোমাসহ পাঁচজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি পুলিশের। তবে তিনজনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার দিবাগত রাতে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন কুশুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিবুল হাসান ও ধামরাই পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিমেল হাসান। অপর তিনজনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, নাশকতার উদ্দেশ্যে তাঁরা সেখানে জড়ো হয়েছিলেন। তাঁদের সঙ্গে আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কমিশনার আমিনুল ইসলাম গার্নেলের যোগাযোগ এবং অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
