ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া গ্রামে বাবার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন এক তরুণী। নির্যাতন থেকে মুক্তি ও জীবনের নিরাপত্তা চেয়ে উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তিনি।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, তাঁর বাবা আপেল দীর্ঘদিন ধরে তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। এমনকি তাঁর সঙ্গে অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাবও দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে দিনের পর দিন নির্যাতনের শিকার হতে হচ্ছে বলে দাবি তাঁর।
তরুণীর ভাষ্য, বাবার এমন আচরণের কারণে তিনি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তিনি। এ পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্যাতনের অবসান ঘটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসন ও ভালুকা মডেল থানা পুলিশের কাছে অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ওই তরুণী। পাশাপাশি নিজের নিরাপত্তা নিশ্চিত করারও অনুরোধ জানিয়েছেন তিনি।
