গোপালগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে রাজপথ দখল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

বাদল সাহা
- গোপালগঞ্জ
9 Min Read

বৃষ্টি উপেক্ষা করে লগি-বৈঠা, রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জের রাজপথ দখল করে আন্দোলন চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আন্দোলন চলাকালে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্যের বাড়ি, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত ক্লিনিক, মুকসুদপুর থানা ও ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং বিএনপির কয়েকজন নেতা ও সাংবাদিকের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে। আগুন দেয়া হয়েছে গ্রামীণ ব্যাংকে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে বিজিবির গাড়ি বহরে। গাছ ফেলে অবরোধ করা হয়েছে ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক। এতে রাজধানীর সাথে গোপালগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জেলার বিভিন্ন স্থানে মিছিল বের করা হয়। তবে জেলার কোথাও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী দেখা যায়নি। এতে চরম অবনতি ঘটেছে জেলার আইনশৃংখলা পরিস্থিতির। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

সরেজমিনে জেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, সকাল থেকে মুষলধারে শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টি উপেক্ষা করে রাজপথে মিছিল করেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যু্বলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। জেলা শহরের লঞ্চঘাট এলাকায় অবস্থান নিয়ে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র উঁচিয়ে বিভিন্ন শ্লোগান দেন তারা। বসে থাকেননি মহিলারাও। দেশীয় অস্ত্র এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি নিয়ে জেলা শহরে মিছিল করেন তারা।

 

লকডাউন সফল করতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে ও গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন অংশে গাছ ফেলে সড়ক অবেরোধ করা হয়। এতে জেলার সাথে রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। গোপালগঞ্জ থেকে ঢাকা ও খুলনাসহ অন্যান্য জেলার কোন বাস ছেড়ে যায়নি। সকাল থেকে জেলার সকল দোকানপাট ছিল বন্ধ। পরীক্ষা থাকলেও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়। আতংকে সাধারণ মানুষ ঘর থেকে বাইরে বের হননি।

মুকসুদপুর থানায় আগুন

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে আগুন দিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। আজ দুপুর ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে থানার সামনে জড়ো হন। এ সময় গেট ভেঙে থানায় প্রবেশ করে থানা ভাংচুর করেন তারা। একপর্যায়ে থানা কম্পাউন্ডে রাখা গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে অন্তত ১০টি গাড়ি পুড়ে গেছে বলে জানা গেছে। হামলার সময় মুকসুদপুর থানায় ৯৫ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুবীর কুমার সাহা বলেন, হামলার আগে থানায় ৯৫ জনের মতো পুলিশ সদস্য ছিলেন। তারা প্রতিরোধ করার কিছুটা চেষ্টা করলেও হামলাকারীরা সংখ্যায় অনেক বেশি হওয়ায় পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান। হামলাকারীদের পরিচয়ের বিষয়টি নিশ্চিত নয়। ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরা দেখে বুঝতে পারবো।

গোপালগঞ্জ-১ আসনের এমপির বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতীতে তাঁর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে মিছিল সহকারে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে প্রবেশ করে অবস্থান নেন বিক্ষুব্ধ আওয়ামী লীগের কয়েকশ নেতা-কর্মী। এ সময় সেলিমুজ্জামান সেলিমের বাড়ির লোকজন বাড়ি থেকে বের হয়ে যান। পরে বাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। একপর্যায়ে বাড়িতে হামলা চালিয়ে ও ভাংচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে দুইটি টিনের ঘর, একটি দ্বিতল ভবন ও নির্মাণাধীন তিনতলা ভবনের ক্ষয়ক্ষতি হয়।

গোপালগঞ্জ-২ আসনের সাংসদের ক্লিনিকে অগ্নিসংযোগ

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত ক্লিনিকে আবারো অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার রাতে জেলা শহরের থানাপাড়ায় তাঁর ক্লিনিকে আগুন দেওয়া হলেও আজ বৃহস্পতিবার দুপুরে আবারো আওয়ামী লীগ নেতা-কর্মীরা সেখানে গিয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন।

জেলা বিএনপির সাবেক সভাপতির অফিস-বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ

জেলা শহরের চৌরঙ্গী এলাকায় গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর অফিস ও বাসভবনে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। আজ দুপুরে নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে তাঁর অফিস ও বাসভবনে যান। এসময় ইট-পাটকেল নিক্ষেপ ও হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়। একপর্যায়ে অগ্নিসংযোগ করা হয়। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেকের বাড়িতে আগুন

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার রাতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা তার গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেন। আগুনে বাড়ির একাংশ পুড়ে যায়। এছাড়া বৃহস্পতিবার সকালে ফের তার বাড়িতে হামলা চালানো হয়। তবে ঘটনার আগে পরিবারের সদস্যরা অন্যত্র সরে যাওয়ায় কেউ হতাহত হয়নি। ফেসবুকে এক স্ট্যাটাসে মোসাদ্দেক লেখেন, “আমার গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা।”

আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে হামলা

গোপালগঞ্জ সদর উপজেলার বিজয় পাশা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় টহলরত বিজিবি ও এসআরবি’র গাড়ি সেখানে গেলে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে অবরোধকারীরা। তবে এতে কেউ আহত হয়েছে কি না তার খবর পাওয়া যায়নি।

মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

মুকসুদপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছেন অবরোধকারীরা। সকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে মিছিল করে গ্রামীণ ব্যাংকে গিয়ে হামলা চালায়। এ সময় তারা আগুন ধরিয়ে দেয়।

মুকসুদপুর উপজেলা বিএনপি অফিস ভাঙচুর

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির অফিস ভাংচুর করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। দুপুরে মিছিল নিয়ে উপজেলার চৌরঙ্গী মেড়ে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়।

বিএনপি নেতাদের বাড়ি ও দোকান ভাংচুর

গোপালগঞ্জের কোটালিপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদারের বসত বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করা হয়েছে। দুপুরে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাংচুর করে। এছাড়া কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখের ভাইয়ের বাড়ি ভাংচুর করা হয়েছে। অপরদিকে, কাশিয়ানী উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক লালচান ফকির, রাতইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়।

এছাড়া বুধবার রাতে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর করে লুটপাট করা হয়। বিক্ষুব্ধ আওয়ামী লীগ ও সংগঠনের নেতা-কর্মীরা কার্যালয়টিতে হামলা চালায়। পরে ভাংচুর শেষে লুটপাট করা হয়। তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা এবং ভাংচুর চালানো হয়েছে।

সাংবাদিকের বাসায় হামলা ও ভাংচুর

গোপালগঞ্জে রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ও বাংলানিউজের প্রতিনিধি সেখ মোঃ একরামুল কবীর মুক্তর শহরের নবীনবাগের বাসায় হামলা ও ভাংচুর চলিয়েছে দুস্কৃতিকারীরা। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দুস্কৃতিকারীরা এ হামলা ও ভাংচুর চালায়।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে বেশ কিছু সংখ্যক দুস্কৃতিকারী সাংবাদিক একরামুল কবীর মুক্তর বাসায় গিয়ে অবস্থান নেয়। প্রথমে তারা বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে। পরে তারা তিনতলা ভবনের বিভিন্ন জানালার থাই গ্লাস ভাংচুর করে।

সাংবাদিকের মা হুরিয়া খানম জানিয়েছেন, বেশ কিছু সংখ্যক লোক আমার ও আমার ছেলের বাড়ি হামলা করে সিসিটিভি ক্যামেরা ও ভবনের গ্লাস ভাংচুর করে। পরে তারা চলে যাওয়ার সময় আমার দুই ছেলে একরামুল কবীর মুক্ত ও জিয়াউল কবীর বিপ্লবকে মেরে ফেলার ঘোষণা দেয়।

সাংবাদিক একরামুল কবীর মুক্ত বলেন, আগামীতে গোপালগঞ্জ ১২ নম্বর ওয়ার্ড থেকে আমি কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দেয়ায় কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য আমার বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে, যাতে আমি আগামীতে নির্বাচন থেকে সরে যায়। কিন্তু তাদের সে আশা পূরণ হবে না।

আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী গাড়ি

রাত থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে গাছ কেটে অবেরোধ করায় আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী গাড়ি। রাত থেকে দু’টি ফিলিং স্টেশনে এসব পণ্যবাহী যান আটকা পড়ে আছে। ফলে লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ী ও গাড়ী চালকেরা।

এ অবস্থায় সরকার ২১ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন আনসার, দুই হাজারেরও বেশি পুলিশ ও এসআরবিসহ আইন-শৃংখলা বাহিনী মোতায়েন করলেও এসব কার্যকলাপ নিয়ন্ত্রণে আনা এখন পর্যন্ত সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন